২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে পুরো দিন ফুটপাতে বসতে চান হকাররা

রমজান মাসে সারা দিন ঢাকা মহানগরীর ফুটপাতে দোকান বসিয়ে ব্যবসা করতে দেওয়ার দাবি জানিয়েছেন হকাররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 03:25 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনটির সভাপতি আবুল হোসাইন বলেন, “ঢাকায় পাঁচ লাখ হকার আছে। প্রত্যেক হকারের ওপর গড়ে পাঁচজন করে নির্ভরশীল হলে ২৫ লাখ লোক তাদের উপর নির্ভরশীল। এরা ছাড়াও হকারদের সঙ্গে ব্যবসায়িক জনগোষ্ঠী যুক্ত- ছোটবড়, মাঝারি মালিকরা রয়েছেন; যেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এদের কি হবে?”

“রমজানে হকারদের সারা দিন ফুটপাতে বসতে দিতে হবে। রমজানে সারাদিন ব্যবসা করতে দিলে তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে, পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে পারবে।”

Image
ছবি: ওবায়দুর মাসুম

ছবি: ওবায়দুর মাসুম

হকার উচ্ছেদকে সফলতা দাবি করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সমালোচনা করে তিনি বলেন, “উনি বিলবোর্ড দিয়েছেন, সেখানে বুলডোজারের ছবি। বুলডোজার দিয়ে উনি হকার উচ্ছেদ করেছেন, এটা হচ্ছে ওনাদের সফলতা। হকারদের ওপর বুলডোজার চালানো, হকারদের পেটে লাথি মারা যদি হয় মেয়রের সফলতা, এর চেয়ে বেদনাদায়ক আর কোনোকিছু হতে পারে না।

“আমি ধিক্কার জানাই। এ ধরনের সফলতা ঢাকার মানুষ দেখতে চায় না। ঢাকার মানুষ দেখতে চায় মেয়র ঢাকার মানুষকে বুকে টেনে নিয়েছেন। কারণ উনি নগরপিতা।”

হকারদের বসার জায়গা নেই বলেই বাধ্য হয়ে তারা ফুটপাতে বসে বলে মন্তব্য করে আবুল বলেন, “আমরা জোর করে ফুটপাতে থাকতে চাই না। আমাদের বসার ব্যবস্থা করুন। ”

Image
ছবি: ওবায়দুর মাসুম

ছবি: ওবায়দুর মাসুম

সমাবেশে ঢাকা সিটি করপোরেশনের হকার উচ্ছেদকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সহায়তা চান ছিন্নমূল হকার সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

সমাবেশে জাতীয় হকার্স ফেডারেশনের সভাপতি আরিফ চৌধুরীসহ হকার নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মতিঝিল, গুলিস্তান ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন হকাররা।