আমলাতন্ত্রকে ‘বড় সমস্যা’ বললেন ইকবাল মাহমুদ
পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে একটি প্রতিবেদন ১০ দিনের মধ্যে চেয়ে ১০ মাসে পাওয়ার আমলাদের উপর ক্ষোভ ঝেড়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আমলাতন্ত্রে সর্বোচ্চ দায়িত্ব পালন করে আসা এই ব্যক্তি আমলাতন্ত্রকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বলেও মন্তব্য করেছেন।
সোমবার রাজধানীর পিআইবি সেমিনার কক্ষে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি জানান, ২০১৬ সালের মার্চে দুদকে দায়িত্ব নেওয়ার পর এপ্রিলে সুনামগঞ্জ হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির একটি সংবাদ প্রতিবেদন দেখে পানিসম্পদ মন্ত্রণালয়কে ১০ দিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলেছিলেন তিনি।
“কিন্তু এই রিপোর্ট এসেছে ১০ মাস পর গত ফেব্রুয়ারিতে, যখন আবার নতুন করে হাওরে বন্যার পানি ঢুকেছে।”
এই ঘটনাটি তুলে ধরে জনপ্রশাসনে সব ধাপ পেরিয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা ইকবাল মাহমুদ বলেন, “আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমলাতন্ত্র।আমলারাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি নিজেও আমলা ছিলাম, আমিও একটা সমস্যা ছিলাম।”
আমলাতন্ত্রের এই জড়তা ভাঙতে চেষ্টা হলেও কোনো কাজ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
“সিভিল সার্ভিস অ্যাক্ট, পলিসি অনেক কিছু চেষ্টা করা হয়েছে। সরকারও চেষ্টা করেছে। কিন্তু কীভাবে যেন এটা ‘ব্ল্যাকহোলে’ চলে যায়।”
আমলাতন্ত্রের ‘কচ্ছপের গতি’ থেকে বেরিয়ে আসার উপর জোর দেন ইকবাল মাহমুদ।
ইকবাল মাহমুদ (ফাইল ছবি)
নিজের সংস্থাও দুর্নীতিমুক্ত নয় স্বীকার করে তিনি বলেন, “আমি আগেও বলেছি, আমার নিজের মধ্যেই দুর্নীতি। আমি সেই অর্থে তা বন্ধ করতে পারিনি।
“কারণ যে টাইম লাইনের ব্যাপার, এটি পর্যন্ত আমি ইমপ্লিমেন্ট করতে পারিনি। এতে এবারও ব্যর্থ। বড় আকারের দুর্নীতি নেই, তবে কিছুটা রয়েছে।”
সরকারি বড় বড় প্রকল্প বা বড় ধরনের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুদকের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান ইকবাল মাহমুদ।
টাকা ফেরত দিতে আহ্বান
বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে অনিয়মের মাধ্যমে টাকা তুলে নেওয়া দুর্নীতিবাজদের ‘শোধরাতে’ আরও কিছুটা সময় দেওয়া হবে বলে জানান দুদক চেয়ারম্যান।
এ সময়ের মধ্যে আত্মসাত করা টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
“বেসিক ব্যাংকের টাকা ফেরত আসতে শুরু করেছে। আমাদের উদ্দেশ্য কাউকে ফাঁসিয়ে দেওয়া নয়।”
ব্যাংকের অর্থ ‘লুটপাটে’ অংশ নেওয়া গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদেরও দ্রুত ওই টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে জমা করতে বলেন ইকবাল মাহমুদ।
“আপনারা যারা নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যাংকের অর্থ নিয়েছেন এবং যারা অবৈধভাবে ব্যাংকের অর্থ দিয়েছেন, আপনারা কিছু সময় পাবেন। আপনারা জনগণের টাকাটা ফেরত নিয়ে আসেন।”
তা না হলে দুদক কাউকে ছাড় দেবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
গণমাধ্যমকে সব বাধা থেকে মুক্ত রাখতে গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে কমিটি করে একটি আইনের খসড়া করার প্রস্তাব দিয়েছেন দুদক চেয়ারম্যান।
এছাড়া গণমাধ্যম দিয়ে দুদককে ‘জবাবদিহিতার’ মধ্যে রাখার কথাও বলেন তিনি।
ইকবাল মাহমুদ বলেন, “আমাদের একটামাত্র বন্ধু আছে, সেটি হচ্ছে মিডিয়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সাংবাদিক বন্ধুরাই আমাদের বড় বন্ধু।”
দুদক, পিআইবি এবং জার্মানির আন্তর্জাতিক সহায়তা সংস্থা জিআইজেডের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক সমকালের সম্পাদক ও পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান গোলাম সারওয়ার। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর স্বাগত বক্তব্য দেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান।
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান, এটিএন বাংলার প্রধান নির্বাহী জ ই মামুন বক্তব্য রাখেন সভায়।
