কাজ না থাকলে খাবার জোটে না রি-রোলিং মিলের শ্রমিকদের
দৈনিক আট ঘণ্টা শ্রমঘণ্টা, সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি- শ্রম আইনে এসবের বিধান থাকলেও রি-রোলিং শ্রমিকদের ক্ষেত্রে এসবের বালাই নেই। এমনকি পরিবারের মুখে খাবার তুলে দিতে মে দিবসের ছুটির দিনেও কাজ করতে হয় তাদের।
ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন রি-রোলিং কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের বঞ্চনার নানা কথা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক গবেষণায় রি-রোলিং শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি উঠে এসেছে।
রি-রোলিং কারখানার শ্রমিকদের নিয়োগপত্র না থাকা ও সাপ্তাহিকসহ অন্যান্য ছুটি বঞ্চিত হওয়ার বিষয়টি তুলে ধরে গবেষণায় বলা হয়, “ম্যানুয়াল ও আধা-স্বয়ংক্রিয় রি-রোলিং কারখানায় ১৫০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লৌহ পদার্থ গলানো হয়। সেখানে শ্রমিকদেরকে সর্বনিম্ন ৬৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কাজ করতে হয়। তাই এখানে প্রথাগত কর্মঘণ্টার বিধান হচ্ছে দৈনিক ২ ঘণ্টার একটি শিফট। কিন্তু রি-রোলিং মিলের ৯২ শতাংশ শ্রমিক দৈনিক আট ঘণ্টার বেশি বেশি কাজ করেন।"
গত রোববার প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন অনুযায়ী, এ পেশার এক-তৃতীয়াংশের কাছাকাছি শ্রমিক দৈনিক গড়ে তিনটি কারখানায় কাজ করেন। আর মাসিক মজুরি গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা পান ৮৮ ভাগ শ্রমিক।
নারায়ণগঞ্জের বেস্ট স্টিল রি-রোলিং মিলসের শ্রমিক জীবন মিয়া প্রায় ১৪ বছর ধরে এ পেশায় রয়েছেন।
কাজের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, "আমাদের নিয়োগপত্র, পরিচয়পত্র কিছুই নাই। দুই ঘণ্টা কাজ করলে ১৪৬ টাকা পাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জীবন বলেন, “বহুত আগ থেকে এই কাজ করি। এইটা ছাড়া তো কোনো কাজও জানি না। যে কয় ঘণ্টা কাজ করি তার বেতন পাই।”
শ্রম আইনের ১০৩ ধারা অনুযায়ী, কলকারখানার শ্রমিকদের সপ্তাহে একদিন সাপ্তাহিক ছুটি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়াও আইনের ১১৫ ধারায় পূর্ণ মজুরিতে ১০ দিনের নৈমিত্তিক ছুটি ও ১১৮ ধারায় ১১ দিনের উৎসব ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।
তবে মে দিবসের ছুটিসহ কোনো ছুটিই রি-রোলিং শ্রমিকরা পান না বলে জানিয়েছেন জীবন মিয়া।
বাংলাদেশের শ্রম আইনের ১০০ ধারায় প্রাপ্তবয়স্ক শ্রমিকদের দিয়ে দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না বলে নির্দেশনা রয়েছে।
তবে রি-রোলিং শ্রমিকদের ক্ষেত্রে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। শ্রমিকরা জানিয়েছেন যে, নিয়মিতই তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে।
রাজধানীর কদমতলি শিল্প এলাকার ফেমাস স্টিল রোলিং মিলসে ১০ বছর ধরে কাজ করেন বুলবুল ইসলাম।
তিনি বলেন, “প্রতিদিন গড়ে ১২-১৩ ঘণ্টা কাজ করতে হয়। না করে তো উপায় নাই। অতিরিক্ত কাজ করতে আমরা সবাই বাধ্য।”
প্রতি দুই ঘণ্টা কাজের বিনিময়ে তিনি ১৩৫ টাকা পান বলে জানান বুলবুল।
তাছাড়া কারখানায় ছুটি বলে কিছু নেই বলেও জানান তিনি।
রি-রোলিং শ্রমিকদের শ্রম অধিকার থেকে বঞ্চিত করায় ক্ষুব্ধ শ্রমিক নেতারাও।
রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এস এম কাদির জানান, মে দিবস কী, তা রি-রোলিং শ্রমিকরা জানেই না।
“রোববার সকালেও মালিকপক্ষ জানিয়ে দিয়েছে যে সন্ধ্যা ৭টা থেকে মিল চলবে।”
এখাতের শ্রমিকদের কোনো নিরাপত্তাও নেই বলে জানান তিনি।
কাদির বলেন, “এখানে এমন কোনো শ্রমিক নেই, যার গায়ে আগুনের ছ্যাঁকা না লেগেছে। এমনকি যে মজুরি তাদের দেওয়া হয়, তা অত্যন্ত নগন্য। এ কারণে অধিকাংশ শ্রমিক এক জায়গায় কাজ শেষ করে অন্য আরেকটি মিলে কাজ করতে বাধ্য হয়।”
ক্ষোভ প্রকাশ করে এই শ্রমিক নেতা বলেন, “শ্রমিকরা ১৫-২০ বছর কাজ করার পর অসুস্থ হয়ে মারা যায়। অধিকাংশই কিডনি রোগে আক্রান্ত।
“আমরা তাদের নিয়ে কাজ করতে চাইলেও পারি না। কেননা তাদের পরিচয়পত্র নাই। পরিচয়পত্র না থাকায় তারা ট্রেড ইউনিয়নও করতে পারে না। আমরা কোনো আইনী লড়াইয়ে গেলে মালিকপক্ষ অস্বীকার করে। তারা দাবি করে, এরা তাদের শ্রমিক না। অথচ ১০-১৫ বছর এই শ্রমিকরাই তার প্রতিষ্ঠানে কাজ করেছে।”
রি-রোলিং শ্রমিকদের কোনো নিয়োগপত্র এমনকি বেতন শিট পর্যন্ত নেই বলে জানান তিনি।
