২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণ শ্রমিকের নিরাপত্তা উপেক্ষিত

বাংলাদেশে গত এক যুগে প্রায় ১২ শ নির্মাণ শ্রমিকের মৃত্যুর জন্য ‘লোভী মালিকদের’ আইন না মানার প্রবণতাকে দায়ী করা হলেও সেদিকে নজর নেই কর্তৃপক্ষের।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 01:56 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

একজন শ্রমিকের কর্মকালীন সময়ে কী কী নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে, সে বিষয়ে জাতীয় বিল্ডিং কোডে বিস্তারিত বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়গুলো উপেক্ষিত থাকছে।

বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালিকরা সেফটি দিতে নারাজ। আজকে কোনো শ্রমিক যদি বলে আমাকে নিরাপত্তা দেন, কালকে তাকে দিয়ে কাজ করাবে না।”

ওই অভিযোগ অস্বীকার করে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলেছে, নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় বলেই ‘অন্যান্য খাতের তুলনায় আবাসন খাতে দুর্ঘটনার হার কম’।

Image
মগবাজার-মৌচাক ফ্লাইওভারে কাজের সময় ব্যবহার করা হচ্ছে না নিরাপত্তা উপকরণ

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে কাজের সময় ব্যবহার করা হচ্ছে না নিরাপত্তা উপকরণ

আর শ্রমিক নিরাপত্তারবিষয়টি যাদের দেখার কথা, সেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বলছে লোকবল সঙ্কটের কথা। 

বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং রিহ্যাবের হিসাবে সারাদেশে ইমারত নির্মাণ শ্রমিকের সংখ্যা প্রায় ৩৫ লাখ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের হিসাবে, ২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সারাদেশে ১ হাজার ১৯৬ জন নির্মাণ শ্রমিক মারা গেছেন কাজের সময় দুর্ঘটনায়।

এ সংস্থা বলছে, অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ শ্রমিকরা কাজ করছেন ঝুঁকিপূর্ণ পরিবেশে। প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে; আহত হচ্ছেন অনেকে।

গত বছর জুন মাসে মুগদায় এক ভবনের গাঁথুনি দেওয়ার সময় মাচা ভেঙে নিচে পড়ে যান নির্মাণ শ্রমিক মতিউর রহমান। এরপর তার ওপর দেয়াল ভেঙে পড়ে।

Image
মহাখালীর একটি বহুতল ভবনে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করছেন শ্রমিকরা।

মহাখালীর একটি বহুতল ভবনে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করছেন শ্রমিকরা।

ওই দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও কোমরে চোট পান মতিউর। এখন আর ভারি কাজ করার ক্ষমতা না থাকায় তিনি তার উপযোগী কাজ খুঁজে দিতে অনুরোধ করেন এই প্রতিবেদককে।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, যে ভবনে তিনি নির্মাণ কাজে ছিলেন, সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না।

“কনট্রাকটর দড়ি আর বাঁশ দিয়া বলে মাচা বানাইয়া কাম কর। আমাগো নিরাপত্তায় আর কিছুই দেয় নাই।”

কাজীর গরুর খোঁজে

২০১৪ সালের জাতীয় বিল্ডিং কোড অনুযায়ী, কাজের সময় একজন শ্রমিকের মাথায় হেলমেট পড়া বাধ্যতামূলক। যারা কংক্রিটের কাজে যুক্ত, তাদের হাতে গ্লাভসও পড়তে হবে।

চোখের জন্য ক্ষতিকর কাজ যেমন ড্রিলিং, ওয়েল্ডিং, ঢালাইয়ের সময় শ্রমিকদের চশমা ব্যবহার বাধ্যতামূলক। ওয়েল্ডার ও গ্যাস কাটার ব্যবহারের সময় রক্ষামূলক সরঞ্জাম যেমন গ্লাভস, নিরাপত্তা বুট, এপ্রন ব্যবহার করতে হবে।

ভবনের উপরে কাজ করার সময় শ্রমিকের নিরাপত্তায় বেল্ট ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে ন্যাশনাল বিল্ডিং কোডে।

Image
একজনের মাথায় হেলমেট থাকলেও বাকিরা এ ব্যাপারে উদাসীন।

একজনের মাথায় হেলমেট থাকলেও বাকিরা এ ব্যাপারে উদাসীন।

তবে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বেশিরভাগ জায়গায় উপেক্ষিত রয়েছে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি।

রোববার মিরপুরের ৬ নম্বর সেকশনের একটি নির্মাণাধীন ভবনে গিয়ে দেখা যায়, সপ্তম তলায় রড বাঁধাইয়ের কাজ করছেন দুই শ্রমিক। ছাদের একেবারে প্রান্তে দাঁড়িয়ে কাজ করলেও তাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। ওই ভবনের চারপাশে কোনো নিরাপত্তা বেস্টনিও করা হয়নি।

তাদের মধ্যে জসিম নামে একজন বলেন, “অ্যামনে কাজ কইরা অভ্যাস হইয়া গেছে। কোনো সমস্যা হয় না।”

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে কর্মরত শ্রমিকদের একটি বড় অংশ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করছেন। ফ্লাইওভারের মৌচাক অংশে গার্ডার ওঠানোর সময় কয়েকজন শ্রমিককে হেলমেট, নিরাপত্তা বেল্ট ছাড়াই কাজ করতে দেখা গেল রোববার।

মহাখালীর আমতলী এলাকার নির্মাণাধীন নূরানী টাওয়ারে গিয়েও শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি। পাশের আরেকটি ভবন থেকে দেখা যায়, নূরানী টাওয়ারের ১৮ তলার ছাদ ঢালাইয়ের জন্য জড়ো হওয়া্ শ্রমিকদের সঙ্গে বিল্ডিং কোড অনুযায়ী নিরাপত্তা উপকরণও ছিল না।

Image
নিরাপত্তা বেল্ট ব্যবহার করছেন এই নির্মাণশ্রমিক।

নিরাপত্তা বেল্ট ব্যবহার করছেন এই নির্মাণশ্রমিক।

ভবনটি নির্মাণ করছে অ্যাসেট ডেভেলপমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। ভেতরে ঢুকতে চাইলে বাধা দেন প্রতিষ্ঠানটির উপ-প্রধান প্রকৌশলী নুরুন্নবী। তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলতে হলে তাদের প্রধান কার্যালয়ের অনুমতি লাগবে।

‘মেলে না ক্ষতিপূরণ’

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ইমারত নির্মাণ বিধিমালা, শ্রম আইন সব জায়গায় শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে বলা থাকলেও ঠিকাদার ও উপ ঠিকাদাররা কখনও অবহেলা, কখনও অতি লোভের কারণে তা এড়িয়ে যান।

“পরিষ্কারভাবে লেখা আছে, মালিক তার শ্রমিকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিবে। উপকরণ সরবরাহ করবে। কিন্তু নিরাপত্তা যন্ত্রপাতি কিনতে টাকা খরচ হয়। তাই তারা এগুলো এড়িয়ে যায়।”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরও বিষয়গুলো ‘দায়সারাভাবে’ দেখে বলে অভিযোগ করেন রাজ্জাক।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, যেহেতু কোনো মহল্লায় নির্মাণ কাজ চলার সময় পরিদর্শন হয় না, তাই এ ব্যাপারে ভবন মালিকরাও সতর্ক হন না।

“পরিদর্শন হলে লোকজন জানত যে বাড়ি করার সময় তা দেখার জন্য পরিদর্শক আসবে। তারা ঘরে ঘরে গিয়ে পরিদর্শন করতে পারবে না। কিন্তু আপনি একটা এলাকায় একটি বাড়িতে গিয়ে পরিদর্শন করলেও মানুষ বুঝে যায় যে শ্রমিকদের নিরাপত্তার নিয়ে আইনি বাধ্যবাধকতা আছে।”

 

২০১৬ সালের ১৩ নভেম্বর রাজধানীর মুগদায় একটি তিনতলা ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্টে মারা যান মাণ্ডা এলাকার নির্মাণশ্রমিক বাদশা খালেদ। স্বামী হারিয়ে বাদশার স্ত্রী স্বপ্না বেগম পড়েছেন বিপাকে।

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্বপ্না বলেন, স্বামী মারা যাওয়ার পর সরকারি-বেসরকারি কোনো সংস্থা থেকে সহযোগিতা পাননি তিনি।

“আইজকা ছয় মাস তো পার হইয়া গেল। ছেলের পড়ার খরচটা হ্যার দাদা কোনোমতে চালাইয়া যাইতাছে। আমিও হ্যাগো লগেই থাকি। সংসারের উপরের ছায়া গ্যাছেগা, এই সংসারে কি আর সুখ থাকে?”

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সুলতান উদ্দিন আহম্মেদ মনে করেন, দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণের পরিমাণ কম হওয়াও নিরাপত্তা নিয়ে মালিকদের উদাসীনতার অন্যতম কারণ।

“আইন অনুযায়ী দুর্ঘটনায় শ্রমিক মারা গেলে এক লাখ টাকা পাওয়ার কথা। কিন্তু অনেক ক্ষেত্রে নির্মাণ শ্রমিক এক টাকাও পায় না। আবার টাকার পরিমাণ কম বলে নিরাপত্তার জন্য বিনিয়োগ করতে চায় না ঠিকাদার বা মালিকরা।”

‘উদাসীনতার সুযোগ নাই’

শ্রমিক সংগঠনগুলো মালিকদের দিকে আঙুল তুললেও আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের দাবি, তাদের সদস্য কোম্পানিগুলোর কাজে শ্রমিক নিরাপত্তার বিষয়টি ‘কঠোরভাবে’ দেখা হয়।

অন্যান্য খাতের তুলনায় আবাসন খাতে দুর্ঘটনা এ কারণেই ‘তুলনামূলকভাবে কম’ দাবি করে তিনি বলেন, “আমাদের কাছে নিরাপত্তাই প্রথম। প্রতিটি মানুষের জীবনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখানে উদাসীনতার সুযোগ নাই।”

কিন্তু রিহ্যাবের বাইরের আবাসন কোম্পানিগুলো নিয়ন্ত্রণের বাইরে থাকায় সেখানে দুর্ঘটনার হার বেশি বলে রিহ্যাব সভাপতির ভাষ্য।

তিনি বলেন, রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানের কোনো শ্রমিক দুর্ঘটনায় আহত হলে বা মারা গেলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়।

‘লোকবল নেই, তাই…’

শ্রমিকদের নিরাপত্তাসহ অন্যান্য সুবিধার বিষয় দেখার দায়িত্ব সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের। তবে লোকবলের অভাবে সংস্থাটি ঠিকমত সেই কাজ করতে পারছে না বলে মহাপরিদর্শক মো. সামুসুজ্জামান ভূঁইয়ার ভাষ্য। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অধিদপ্তরের ৯৯৩টি পদের মধ্যে ৫৪৩টিই শূন্য।

সামুসুজ্জামান বলেন, লোকবল কম থাকায় এবং তৈরি পোশাক খাত নজরদারির কেন্দ্রে থাকে বলে অন্যান্য খাতে ঠিকমত নজর দেওয়া তাদের জন্য কঠিন। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামের পোশাক কারখানাগুলো নিয়েই তাদের  ব্যস্ত থাকতে হয়।

“যেহেতু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা সেক্টর, বায়ারদের প্রেশার আছে। এ কারণে এই চার জেলার গার্মেন্ট সেকটরে ওয়ার্কপ্লেস সেফটি নিশ্চিত করা আমাদের জন্য বেশি জরুরি। আমাদের সকল এফোর্ট এখন ওদিকেই আছে। এটা একটা পর্যায়ে চলে গেলে আমরা অন্যান্য সেক্টরে নজর দিতে পারব।”