২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের রিমান্ডে শাহাবুদ্দীন নাগরী

এক ব্যবসায়ীকে হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কবি ও গীতিকার শাহাবুদ্দীন নাগরীকে আবারও চারদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2017, 11:54 PM

Updated : 19 Aug 2022, 04:25 PM

নাগরীর সঙ্গে নিহত ব্যবসায়ীর স্ত্রী নূরানী আক্তার সুমীকেও ফের চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এ মামলায় গ্রেপ্তার অপর আসামি ওই ব্যবসায়ী গাড়িচালক সেলিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম রোববার এ আদেশ দেন।

রাজধানীর এলিফ্যান্ট রোডের ডোমিনো অ্যাপার্টমেন্টে গত ১৪ এপ্রিল নিজের ফ্ল্যাটে ব্যবসায়ী নূরুল ইসলামের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিউমার্কেট থানায় নুরুলের বোন শাহানা রহমান কাজলের করা মামলায় গত ১৭ এপ্রিল ভোরে রাজধানীর নিকুঞ্জ থেকে শাহাবুদ্দীন নাগরীকে গ্রেপ্তার করা হয়। তার আগে গ্রেপ্তার করা হয় সুমী ও সেলিমকে।

ভাবি সুমীর বিয়ে বহির্ভূত সম্পর্কের জের ধরে তার ভাইকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন কাজল।

Image
একেএম শাহাবুদ্দীন নাগরী (ফাইল ছবি)

একেএম শাহাবুদ্দীন নাগরী (ফাইল ছবি)

১৭ এপ্রিলই শাহাবুদ্দীন নাগরী, সুমী ও সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে পাঠায় আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মতলুবর রহমান রোববার নাগরী ও সুমীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চান।

রিমান্ড আবেদনে বলা হয়, পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কিন্তু তারা কিছু তথ্য গোপন করে অসংলগ্ন কথা বলেছেন। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শাহাবুদ্দীন নাগরীর পক্ষে আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু রিমান্ড আবেদন বাতিল চেয়ে শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, “তাকে (নাগরী) পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ বলছে, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যদি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তাহলে আবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।”

নুরুল ইসলাম ‘শ্বাসকষ্ট বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে’ মারা গেছেন, তাই এখানে রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই বলেও যুক্তি দেখান তিনি।

অপরদিকে রাষ্ট্রপক্ষে পুলিশের জ্যেষ্ঠ সহকারী সুপার মিরাশ উদ্দিন বলেন, “এটা একটি চাঞ্চল্যকর মামলা। আসামিরা রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেও কিছু তথ্য গোপন করেছে। রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাব।”

আদালতে সুমীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালতকে কিছু বলার আছে কি না বিচারক জানতে চাইলে সুমী বলেন, “আমার কিছু বলার নেই।”

পুরনো খবর:

হত্যা মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে শাহাবুদ্দীন নাগরী
নুরুল হত্যামামলা: নাগরীকে গ্রেপ্তারের পর ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা