২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল হত্যামামলা: নাগরীকে গ্রেপ্তারের পর ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা

রাজধানীর ব্যবসায়ী নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় কবি-গীতিকার এ কে এম শাহাবুদ্দীন নাগরীকে গ্রেপ্তারের পর এখন ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 08:21 PM

Updated : 19 Aug 2022, 04:22 PM

এই ব্যবসায়ীর বোনের করা হত্যামামলায় তার স্ত্রী নূরানী আক্তার সুমী ও তাদের গাড়িচালক মো. সেলিম হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

শাহানা রহমান কাজলের দাবি, ভাবি সুমীর বিয়ে বহির্ভূত সম্পর্কের জের ধরে তার ভাইকে হত্যা করা হয়েছে। মামলায় নাগরীকেও আসামি করা হয়।

গত ১৪ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাটে ব্যবসায়ী নুরুলের লাশ পাওয়া যায়।

এরপর শাহানা বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা করার পর সুমী ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। সোমবার গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় নাগরীকে।

নিউ মার্কেট থানার ওসি আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নুরুল ইসলামের মৃত্যু পুলিশের কাছে রহস্যময় লাগছে। নিহতের ময়নাতদন্ত প্রতিবেদন এখনও হাতে আসেনি, সেটি পেলে বোঝা যাবে কীভাবে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।”

গ্রেপ্তার তিনজনই এখন পুলিশের হেফাজতে নিউ মার্কেট থানায় রয়েছেন। ‘বিভিন্ন কৌশলে’ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার পরিদর্শক মতলুবুর রহমান।

শাহানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪/৫ বছর আগে তার ভাইয়ের সঙ্গে সুমীর বিয়ে হয়েছিল। এরপর সুমীর ‘চাপে’ পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় নুরুলের।

ভাইয়ের বাড়ি না চেনায় নিউ মার্কেট থানা থেকে লাশ নিয়ে বাগেরহাটে দাফন করেন বলে জানান শাহানা।

নিজের ভাবিকে অন্যরকম বলার পর তার ব্যাখ্যায় তিনি বলেন, “তিনি ওভার স্মার্ট। ভাইয়ের মৃত্যুর পরও কোনো যোগাযোগ করেননি।”

Image
একেএম শাহাবুদ্দীন নাগরী (ফাইল ছবি)

একেএম শাহাবুদ্দীন নাগরী (ফাইল ছবি)

তদন্ত কর্মকর্তা মতলুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের স্ত্রীর সঙ্গে শাহাবুদ্দীন নাগরীর কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।”

তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, নুরুল ইসলামের মৃত্যুর খবর ১৪ এপ্রিল জানা গেলেও ধারণা করা হচ্ছে ওই বাড়িতে একদিন আগেই তার মৃত্যু হয়েছে। ওই বাসায় কারা কখন যাতায়াত করতেন, কত সময় কাটাতেন, কেন আসতেন, সে বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করেছে।

বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে, ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও নিহতের গাড়ি চালকের থেকে পাওয়া তথ্য থেকে মামলাটির তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে নিউ মার্কেট থানার ওসি আমিনুল।

পুরনো খবর:

হত্যা মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে শাহাবুদ্দীন নাগরী