বাংলা একাডেমিতে হতে পারে ফোকলোর ইনস্টিটিউট: সংস্কৃতিমন্ত্রী
লোক সংস্কৃতি নিয়ে গবেষণা আরও জোরালো করতে এবার বাংলা একাডেমিতে ফোকলোর ইনস্টিটিউট স্থাপনের আভাস দিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সোমবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ইন্টারন্যাশনাল ফোকলোর স্কুলের সমাপনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে একথা জানান তিনি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, “বাংলা একাডেমিতে একটি ফোকলোর ইনস্টিটিউট করার ব্যাপারে বাংলা একাডেমি থেকে একটি প্রস্তাব আমাদের কাছে গেছে। আমরাও নীতিগতভাবে এটি চাই।
“এ বিষয়ে অচিরেই আমরা একটি সভা করব। সবকিছু ঠিক থাকলে এ বিষয়ে আমরা অগ্রগামী হতে পারব বলে আমি মনে করি।”
আসাদুজ্জামান নূর বলেন, “আমাদের লোকায়ত জীবনেই আছে ফোকলোরের বিস্তৃত উপাদান। এর মর্ম অনুসন্ধান করে বৃহৎ মানুষের মঙ্গলে তাকে ব্যবহার করতে পারলেই ফোকলোরসহ যাবতীয় বিদ্যাচর্চার স্বার্থকতা প্রতীয়মান হবে।”
বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বেগবান করতে ফোকলোর চর্চা ‘বিশেষ সহায়ক’ হবে বলে মন্তব্য করেন তিনি।
বাংলা একাডেমি আয়োজিত পাঁচ দিনব্যাপী চতুর্থ ফোকলোর সামার স্কুলের শেষ দিন ছিল সোমবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানের শুরুতে এবারের সামার স্কুল উপলক্ষে বাংলা একাডেমি প্রণীত ‘সোশাল চেঞ্জ অ্যান্ড ফোকলোর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
তিনি বলেন, “ফোকলোরকে নিয়ে আমরাও পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি। পৃথিবীর অনেক ফোকলোর বিশারদের সাথে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। এভাবেই আমাদের ফোকলোর বিশ্বব্যাপী পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছে।”
লোক সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে এবার সামার স্কুলটি বাংলায় পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।
এবারের সামার স্কুলের সমন্বয়ক ডক্টর ফিরোজ মাহমুদ বলেন, “লোকসংস্কৃতিকে তরুণদের আরও কাছে নিয়ে যেতে হলে বেশি করে বাংলায় গ্রন্থ রচনা করতে হবে।”
ভারতের গবেষক অধ্যাপক জওহরলাল হান্ডু বলেন, “বাংলাদেশের ফোকলোর উপমহাদেশের যে কোনো দেশের থেকে শ্রেষ্ঠ। এদেশ হতে পারে ফোকলোর চর্চার কেন্দ্রবিন্দু। কারণ এদেশের আছে সমৃদ্ধ সংস্কৃতি, দক্ষ মানবসম্পদ ও মানবের বিপুল ঐশ্বর্য। বাংলাদেশ এ সুযোগটি নিতে পারে।”
ফোকলোর ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে বাংলাদেশের লোক সংস্কৃতি বিষয়ে ভিনদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিতে পারে বলে পরামর্শ দেন তিনি।
ভারতের ফোকলোর বিশেষজ্ঞ ডক্টর সুদীপ্ত চ্যাটার্জী বলেন, “উপমহাদেশের শিক্ষাদানের ব্যবস্থা মূলত প্যাসিভ। এখানে শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ কম থাকে অথবা তাদেরকে সে সুযোগ দেওয়া হয়না। কিন্তু এবারের সামার স্কুলের প্রশিক্ষণার্থীগণ আমাদেরকে অনেক প্রশ্ন করেছে। আমরাও এনজয় করেছি। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সামার স্কুলটি আমরা উপভোগ করেছি।”
সমাপনীতে সামার স্কুলের ১৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এতে অন্যদের মধ্যে ফোকলোর সামার স্কুলের ইনস্ট্রাকটর ভারতের ফোকলোর বিশারদ জওহর শিরকর ও অসীমানন্দ গঙ্গোপাধ্যায় এবং যুক্তরাষ্ট্রের ফোকলোর বিশারদ অধ্যাপক ফ্র্যাঙ্ক জে করম বক্তব্য রাখেন।
