২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুক দাবিতে নির্যাতনের আসামিকে আত্মসমর্পণের পরামর্শ পুলিশের

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্ত্রীর মামলার আসামি এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার না করে আদালতে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 09:42 PM

Updated : 19 Aug 2022, 04:21 PM

বাদী নাজমা আক্তার এজাহারে তার স্বামী জাহাঙ্গীর আলম যে একজন উপসচিব তা উল্লেখ না করায় এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান রাজধানীর রূপনগর থানার ওসি সৈয়দ শহিদ আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদী তার স্বামীর পরিচয় গোপন রেখেছে। তাছাড়া মামলাটি নিয়ে সন্দেহ রয়েছে। তাই আমরা তাকে গ্রেপ্তার না করে আদালতে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছি।”

তবে নাজমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের পরামর্শেই এজাহারটি লিখেছিলেন তিনি।

“চাকরির পাশাপাশি ব্যবসা করেন পুলিশকে বলা হয়েছে। পুলিশ যদি তার চাকরির বিস্তারিত জানতে চাইত, তা হলে এজাহারেও লেখা হত।”

জাহাঙ্গীর তার বিরুদ্ধে তোলা নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি মামলার এক মাস আগেই নাজমাকে তালাক দিয়েছিলেন।

গত ১২ এপ্রিল নাজমা বেগম রূপনগর থানায় গিয়ে স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এতে অভিযোগ করা হয়, ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে গত ৬ জানুয়ারি তাকে ১৪ বছরের সন্তানসহ তার স্বামী রূপনগরের বাসা থেকে বের করে দেন। পরে তিনি মিরপুরের ভাইয়ের বাসায় উঠেন।

তখন নাজমা যৌতুক নিরোধ আইনে আদালতে একটি মামলা করলে জাহাঙ্গীর তিন মাস পর স্ত্রীকে বুঝিয়ে সন্তানসহ ১০ এপ্রিল বাসায় নিয়ে যান বলে পরের মামলার এজাহারে বলা হয়।

“বাসায় নিয়ে আবারও যৌতুকের জন্য শারীরিক নির্যাতন চালায় এবং বেধড়ক মারপিট করে। বাসার চাকু দিয়ে হত্যার চেষ্টাও চালায়। এসময় সময় একমাত্র সন্তান এগিয়ে এলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়।”

নির্যাতন আহত হয়ে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে গিয়েছিলেন বলে জানান নাজমা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। চিকিৎসা নিয়েই নাজমা রূপনগর থানায় গিয়ে আইনে মামলা করেন।

মামলা দায়েরের পরদিনই পুলিশ জাহাঙ্গীর আলমের বাসায় যায়। কিন্তু তাকে গ্রেপ্তার না করে ফিরে আসে।

নাজমার অভিযোগ, আসামিকে গ্রেপ্তার না করে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করেছে।

জাহাঙ্গীর একজন উপ সচিব। ২২ বছরের দাম্পত্য জীবনেও এই তথ্যটি তার স্ত্রীর উল্লেখ না করার বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করেন ওসি শহিদ।

সরকারি কর্মকর্তা বলে স্ত্রী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি বাধা রয়েছে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “করা যাবে না, তা নয়। তবে ঘটনাটি নিয়ে সন্দেহ থাকায় আরও গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টিতে লক্ষ্য রাখা হচ্ছে। আর যেহেতু মামলা হয়েছে, সেহেতু তাকে আদালতে যেতেই হবে।”

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ৪ মার্চ স্ত্রীকে তালাক দিয়ে সরকারি সফরে অষ্ট্রেলিয়া গিয়েছিলেন। সেখান থেকে ২৫ মার্চ ফেরার পর আর স্ত্রীর সঙ্গে থাকছেন না।

“আমি আলাদা বাসায় থাকি,কখন ওই বাসায় গিয়ে স্ত্রীকে মারধর করলাম? মারধর করার শারীরিক সক্ষমতাও আমার নেই।”

এই সরকারি কর্মকর্তা বলেন, তিনি আদালত থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানানোর পর পুলিশ তার বাসা থেকে ফিরে যায়।