উগ্রবাদের আঁধার ফুঁড়ে মঙ্গলের যাত্রায়
পুরনো সেই ঘোড়া, বিশাল বাঘের মুখ, সমৃদ্ধির প্রতীক হাতি আর টেপা পুতুল- সবাই ছিল; তাদের এবার নেতৃত্ব দিল আঁধার ফুঁড়ে বেরিয়ে আসা নতুন সূর্যমুখ।
সূর্যের সেই আলোতেই পুরনো পঙ্কিলতা আর উগ্রবাদের কালোকে রোখার ডাক এল এবারের বর্ষবরণ উৎসবের মঙ্গল শোভাযাত্রা থেকে।
‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’- এই প্রতিপাদ্যে বঙ্গাব্দ ১৪২৪ কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।
শুক্রবার বৈশাখের প্রথম সকালে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। শাহবাগ মোড়-রূপসী বাংলা হোটেল-শাহবাগ-টিএসসি ঘুরে ফের চারুকলার সামনে এসে এই বর্ণিল যাত্রার শেষ হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক; অপশক্তি আর সন্ত্রাস-জঙ্গিবাদকে রুখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান এসেছে তার কাছ থেকে।
শোভাযাত্রার শুরুতে তিনি বলেন, “কুসংস্কার, অন্ধকারাচ্ছন্ন সন্ত্রাস ও জঙ্গিবাদী যে অপশক্তি আছে মঙ্গল শোভাযাত্রা থেকে আমরা তাদের নির্মূল কামনা করি। সেইসঙ্গে শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করি। এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার মূল উদ্দেশ্য।
“অপশক্তি, সন্ত্রাসীদের নির্মূল করে সমৃদ্ধির দিকে এগিয়ে যাব। সেই এগিয়ে যাওয়া কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।”
১৯৮৯ সালে স্বৈরাচার বিরোধী ভাবমূর্তি নিয়ে চারুকলা থেকে শুরু হয় পহেলা বৈশাখের এই আনন্দ শোভাযাত্রা। সময়ের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে চারুকলার এই ‘মঙ্গল শোভাযাত্রা’ গত বছর ৩০ নভেম্বর ইউনেস্কো কর্তৃক ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ এর স্বীকৃতি পায়।
চারুকলার অধ্যাপক নিসার হোসেন জানান, বিগত বছরগুলোতে যেসব শিল্পকাঠামো মঙ্গল শোভাযাত্রার সম্মুখভাগে ছিল, সেগুলোকে এবার ফিরিয়ে আনা হয়েছে।
১৯৮৯ সালের প্রথম শোভাযাত্রার ঘোড়া ও বিশাল বাঘের মুখ রয়েছে, রয়েছে সমৃদ্ধির প্রতীক হাতি। এছাড়া বাংলাদেশের সমুদ্র বিজয়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবির শিল্পকাঠামোগুলোও ফিরে এসেছে।
সব বয়সের সব শ্রেণি-পেশার হাজারো মানুষের এই শোভাযাত্রায় সামনে-পেছনে ঢাকের বাদ্যের তালে তালে চলে নৃত্য, হাতে হাতে ছিল বড় আকারের বাহারি মুখোশ।
প্রকৃতির প্রতি সচেতনতার প্রতীক হিসেবে গাছ-পাখি-সূর্যের একটি শিল্পকাঠামো ছিল এবারের মঙ্গল শোভাযাত্রায়।
মঙ্গলের আকাঙ্ক্ষায় এই শোভাযাত্রার মূল কাঠামোতে ছিল অনেকগুলো সূর্যের মুখ, যার একপাশে সূর্যের আলোয় উদ্ভাসিত রূপ, অন্যদিকে সূর্যের বিপরীতে অন্ধকার কদাকার রূপ।
মানব মনের অন্তনির্হিত এ দুই রূপ ফুটিয়ে তুলেছে শুভ আর অশুভর চিরায়ত লড়াইয়ের প্রতিচ্ছবি।
অধ্যাপক নিসার হোসেন বলেন, “জঙ্গিবাদের মতো অন্ধকার শক্তির সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তাদের শুভবুদ্ধির উদয়ের আহ্বান জানানো হচ্ছে এ আয়োজনে। এ শোভাযাত্রা অপশক্তির বিরুদ্ধে এক বড় প্রতিবাদ।”
বৈশাখের উৎসবে যোগ দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশের সঙ্গে কথা হয় চারুকলার সামনে। সাম্প্রতিক সময়ে ‘মাথাচাড়া দেওয়া বিপদের’ বিরুদ্ধে সাংস্কৃতিক বিপ্লবের প্রত্যাশার কথা বলেন তিনি।
মঙ্গল শোভাযাত্রা শুরুর আগে উৎসবের আঙ্গিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের সড়কে দেখা যায় বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে। বৈশাখের লাল-সাদার ভিড়ে বেশ কিছু বিদেশি মুখও দেখা গেছে।
সবার নিরাপত্তা দিতে র্যাব ও পুলিশ সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তোলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির সদস্যরাও ছিলেন। র্যাবের টহল হেলিকপ্টার থেকে ফেলা হয় বৈশাখী শুভেচ্ছার কার্ড।
তবে অতি কড়াকড়ির কারণে উৎসব বাধাগ্রস্ত হচ্ছে বলে ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তৌফিক হাসান উৎসবে এসেছিলেন স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে। রঙিন পোশাকের সঙ্গে ছেলে আরিয়ানের মুখে ছিল আল্পনা আঁকা।
তৌফিক হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাম্প্রদায়িক শক্তির নানা হুমকির কারণে আমরা নিরাপত্তা কড়াকড়ি করছি, সেটা ঠিক। কিন্তু এর মাধ্যমে আমরা বৈশাখ উদযাপনকে সঙ্কুচিত করে ফেলছি না তো?”
