২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণের উৎসব এখন বেসুরো সনজীদা খাতুনের কাছে

পাকিস্তানি দমন-পীড়নের মুখে যে অনুষ্ঠানকে ধরে বাঙালি জাতীয়তাবাদ রাজনৈতিক শক্তিতে রূপ পেয়েছিল, সেই বর্ষবরণ উৎসবের হালের চিত্রে হতাশা প্রকাশ করেছেন এর অন্যতম উদ্যোক্তা সনজীদা খাতুন।

জয়ন্ত সাহা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2017, 12:02 AM

Updated : 11 Oct 2022, 01:48 PM

বর্ষবরণ আয়োজনের অর্ধশতক পেরিয়ে ছায়ানট সভাপতি সনজীদার মতে, এখন এই উদযাপন ‘একটি ফ্যাশন’-এ রূপ নিয়েছে।

“মূল বিষয়টি অনুধাবনের চেয়ে সেখানে হৈ হুল্লোড়টাই মুখ্য হয়ে উঠে,” এই বর্তমানের সঙ্গে তিনি তুলনা করেন নিজেদের শুরুর কথা, “আমাদের ভাবনায় ছিল মনের উৎকর্ষ সাধন।”

পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে জাতীয় জাগরণ গড়ে তুলতে সংস্কৃতিকর্মীরা গড়ে তোলেন সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। এই সংগঠনের উদ্যোগেই ১৯৬৭ সালে রমনার বটমূলে হয় প্রথম বর্ষবরণের অনুষ্ঠান।  

সেই সময়ের স্মৃতিচারণ করে সনজীদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জায়গাটা আমাদের দেখিয়ে দিয়েছিলেন বন্ধু নওয়াজেশ আহমেদ। বর্ষবরণ ছিল বাঙালি জাতির জাগরণের যাত্রা।

“এটার মধ্য দিয়ে আমরা মানুষের মনে স্বাধিকার চেতনা জাগ্রত করতে চেয়েছিলাম।”

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালেও নিজের মতো করে নতুন বাংলা বছরকে বরণের কথা জানান সনজীদা খাতুন।

“সেদিন আমি ছিলাম সাভারের একটি গ্রামের মাটির ঘরে। সেখানে বটমূল কল্পনা করে বসে আমার ছেলে-মেয়েদের নিয়ে সকাল বেলা গান গেয়েছিলাম। মানে পহেলা বৈশাখ হবে না, তা তো হতে পারে না। আমরা পারিবারিকভাবে পালন করেছিলাম। বড় করে আয়োজন হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। পরিস্থিতি ছিল ভয়াবহ। অনেকেরই নাম ছিল এলেমিনেশন লিস্টে।”

Image
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ, বঙ্গাব্দ ১৪২০ (২০১৪ খ্রিস্টাব্দ)। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক।

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ, বঙ্গাব্দ ১৪২০ (২০১৪ খ্রিস্টাব্দ)। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক।

মনের সঙ্গে সংস্কৃতির সংযোগ হলে মানুষ বদলে যায় মন্তব্য করে ৮৫ বছরেও সক্রিয় এই সংস্কৃতিকর্মী বলেন, “সেই বদলের চেষ্টা করে চলেছি। তবে আমাদের আরও এগিয়ে যেতে হবে।”

সাংস্কৃতিক চেতনার বদলে ‘হৈ চৈ’ বর্ষবরণের সুর হয়ে ওঠায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “দেশের অধিকাংশ মানুষ বাঙালিত্ব কাকে বলে জানে না, এমনকি রাষ্ট্রও সেটা জানে না।”

এর জন্য বাংলাদেশের রাজনীতিবিদদেরই দায়ী করেছেন স্বাধীনতা সংগ্রামসহ এদেশের সব প্রগতিশীল আন্দোলনের কর্মী সনজীদা খাতুন।

তিনি বলেন, “দীর্ঘকাল ধরে দেখে আসছি রাজনীতি যারা করেন, যারা মানুষের জন্য ‘হায় জনগণ’, ‘হায় জনগণ’ করেন, তারা আত্মউন্নতির কথা ছাড়া আর কিছুই ভাবেন না। এ চিরকাল দেখে এসেছি।”

মুক্তি সংগ্রাম ও দীর্ঘ সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির যে জাগরণ হয়েছিল, তা থেকে পেছন দিকে যাত্রা চলছে বলে মনে করেন সনজীদা।

তিনি বলেন, “প্রগতিশীল সমাজ কীভাবে ডানপন্থার দিকে যাচ্ছে, তা চোখের সামনে দেখতে পাচ্ছি। সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন দেখেছি, জঙ্গিবাদও দেখতে হচ্ছে। একটি সমান্তরাল লড়াই চলে আসছে। এখনও এ লড়াই চালিয়ে যেতে হবে।”

বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিস্তারে বিদেশি শক্তির যোগ রয়েছে বলে মনে করেন সনজীদা।

তিনি বলেন, “মধ্যপ্রাচ্য থেকে টাকার যে প্রবাহ আসে এই টাকাটা এদেশে কীভাবে ব্যবহার হয় তা অনেকেরই জানা। আমরা মুখের কথায় গানের সুরে সাধারণ মানুষের সেই অর্থের চাহিদা তো মেটাতে পারব না। যত রকমের প্রগতি হোক, যত রকমের বড় বড় কাজ হচ্ছে, তার পেছনে কিন্তু অন্য রকমের কিছু ব্যাপার চলছে।”

একটি গোষ্ঠী বাঙালিকে পশ্চাৎপদ করতে নানা ‘অপকৌশল’ করছে মন্তব্য করে তিনি বলেন, “ওরা যে কৌশলে চলেছে তারই জন্য দীর্ঘকাল সময় পেয়েছে আমাদের হটিয়ে দিতে। আমাদের কিন্তু সমর্থনটা কম। আমরা যে কথা বলতে চাই বা বলে আসছি তার সমর্থন কত জনে করেছে? খুব বেশি না। 

“এখন যা চলছে তার সবই তো ডানপন্থার ব্যাপার। এখানে বামপন্থার কেনো জায়গা নেই।”

তবে ডানপন্থা বা বামপন্থা- রাজনীতির কোনো পাটাতনেই তার আস্থা নেই বলে জানান সনজীদা খাতুনে।

“এই পন্থাগুলো নিয়ে কেনো শ্রদ্ধাবোধ নাই আমার। কোনো রাজনীতিতে যুক্ত হওয়া মানেই সে দলে নাম লিখিয়ে নিজেকে বিকিয়ে দেওয়া। এটা করেই কিন্তু অনেকে সর্বনাশের ভাগী হয়।”

সংসদ সদস্য বা রাজনৈতিক নেতা হলেও তিনি নিজের কথা বলতে পারবেন না বলেও মনে করেন তিনি।

জীবনের বাকি সময়টাও সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখার প্রত্যয় জানিয়ে সনজীদা বলেন, “আমি সংস্কৃতি ছেড়ে চলতে পারব না। ন্যায়ের পথে থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করব। সংস্কৃতিকে শুদ্ধভাবে তুলে ধরতে হবে, তুলে ধরতে হবে মানবতাবোধকেও।”

ছায়ানটের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিন পরিষদেরও সভাপতির দায়িত্বে আছেন সনজীদা খাতুন।

সারা দেশের মানুষের কাছে মানবতার কথা পৌঁছে দেওয়ার তাগাদা দিয়ে তিনি বলেন, “শুধু শহরে বসে সংস্কৃতি চর্চা করলে হবে না, যেতে হবে গ্রামের মানুষের কাছে। মুক্তিযুদ্ধের কথাবার্তা, ইতিহাস, মানবিক দিক, ধর্মের নামে যে অন্যায় হচ্ছে- এসব সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে।”

তরুণ সংস্কৃতি কর্মীদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজেদের কথা সহজভাবে উপস্থাপনের অনুরোধ করেন তিনি।