বৈশাখ বরণে লড়াইয়ের ডাক
পাকিস্তানে রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাঙালির রাজনৈতিক যুদ্ধের হাতিয়ার হয়েছিল যে অনুষ্ঠান, সেই সংগ্রামের ধারায় স্বাধীন ভূখণ্ড পাওয়ার চার দশক পর অনেক অর্জনের মধ্যে বৈশাখ বরণে সেই লড়াইকে এখনও প্রাসঙ্গিক ভাবার আহ্বানই ফিরে এল।
অসাম্প্রদায়িক নীতি নিয়ে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদাতা দলটি ক্ষমতায় থাকা অবস্থায়ই এবার খরতাপের বৈশাখ বরণের আগে লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন ৮৫ বছর পেরিয়ে আসা শিল্পী-সংস্কৃতিকর্মী সনজীদা খাতুন।
তার সংগঠন ছায়ানটের এবারের বাংলা বর্ষবরণের স্লোগানেও উৎসবের সঙ্গে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান থাকছে। চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্যও অমঙ্গল কাটিয়ে ওঠার আহ্বানে।
রমনা বটমূলে ছায়ানটের যে অনুষ্ঠান বাঙালি জাতীয়তাবাদকে রাজনৈতিক শক্তিতে রূপ দিয়েছিল, ২০০১ সালে বর্ষবরণের সেই অনুষ্ঠানে হামলার হোতা মুফতি আবদুল হান্নানের ফাঁসিতে ঝোলার একদিন বাদে শুক্রবার বৈশাখ উদযাপনের প্রস্তুতিতে বাংলাদেশ।
অসাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ বাঙালির ভুবন কেউ নষ্ট করতে পারবে না বলে বর্ষবরণের বাণীতে রাষ্ট্রপতি আশা দিলেও সাম্প্রদায়িক শক্তির তৎপরতা এবং ক্ষমতাসীনদের ‘আপস ’ ভয় ধরাচ্ছে অনেককে।
সুপ্রিম কোর্ট থেকে ‘অনৈসলামিক ভাস্কর্য অপসারণ এবং কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির ঘোষণায় বিভিন্ন দল ও সংগঠনের এই ভয়; যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উচ্চ কণ্ঠেই বলছেন, এটা আপসের কোনো বিষয় নয়।
তবে যারা শঙ্কা প্রকাশ করছেন, সরকারের মন্ত্রী আসাদুজ্জামান নূরের কয়েকদিন আগের কথা এবং সরকারের শরিক জাসদের বক্তব্য ওই শঙ্কাকেই ভিত্তি দেয়।
নূর বলেছিলেন, “হেফাজত আজকে যেভাবে বলছে, তাতে মনে হচ্ছে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, মনে হচ্ছে এটি ইসলামী প্রজাতন্ত্র।”
তার এই বক্তব্যের দুই মাসের মধ্যে হেফাজত আমিরের নেতৃত্বে ওলামাদের সঙ্গে বৈঠকে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণে পদক্ষেপ নেওয়ার ঘোষণা আসে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছ থেকে; যে ঘটনার পর জাসদ হুঁশিয়ারি দিয়েছে এভাবে- “তেঁতুল হুজুর গোষ্ঠী’ ছাড় পেলে আবার যুদ্ধে নামবে।”
সনজীদা খাতুন, ৮৫ বছর পেরিয়েও সক্রিয়
জঙ্গিবাদের উত্থান, তার বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ের সাক্ষী সনজীদা খাতুন ১৪২৪ বঙ্গাব্দ শুরুর ঠিক আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, “প্রগতিশীল সমাজ কীভাবে ডানপন্থার দিকে যাচ্ছে, চোখের সামনে তা হতে দেখেছি। সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন দেখেছি, জঙ্গিবাদও দেখতে হচ্ছে।
“সমান্তরাল এ লড়াই সবসময় ছিল। এখনও এ লড়াই চালিয়ে যেতে হবে।”
এই লড়াই কেমন হবে- তার পথও বাতলে দিয়েছেন তিনি এভাবে- “আমাদের এখন যেতে হবে গ্রামের মানুষের কাছে। মুক্তিযুদ্ধের কথাবার্তা, ইতিহাস, মানবিক দিক, ধর্মের নামে যে অন্যায় হচ্ছে, এসব সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে।”
বর্ষবরণে জঙ্গি হামলার কোনো হুমকি নেই- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা জানালেও তার চেয়ে বড় ভয় হয়ে উঠেছে এখন জঙ্গিবাদী মতাদর্শের সঞ্চার; চট্টগ্রামে চারুকলার শিক্ষার্থীদের বৈশাখী দেয়াল চিত্রে কালি লেপনে তারই প্রতিফলন দেখেন অনেকে।
চট্টগ্রামে এই দেয়ালচিত্রে লেপটানো কালি মোছা হয়নি প্রতিবাদের অংশ হিসেবে
এসবের মধ্যেই প্রকৃতির নিয়মে শুক্রবার ভোরে উঠবে ১৪২৪ বঙ্গাব্দের সূর্য, সেই দিনটিতে সার্বজনীন উৎসবে শামিল হতে প্রস্তুত বাংলাদেশের মানুষ।
ভাস্কর্য অপসারণের দাবি মানার পর জনদুর্ভোগের কারণ দেখিয়ে বৈশাখে ঢাকার শোভাযাত্রার কর্মসূচি ক্ষমতাসীন আওয়ামী লীগ বাদ দিলেও বর্ষবরণের উৎসব নিয়ে বিভ্রান্তিকর কথা-বার্তা না ছড়াতে বলেছেন শেখ হাসিনা।
পরপর দুদিন তিনি বলেছেন, বাংলা নববর্ষ উদযাপনের সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ নেই। বাঙালির অসাম্প্রদায়িক এই উৎসবকে কেউ যেন ধর্মের সঙ্গে জড়িয়ে না ফেলে।
মঙ্গল শোভাযাত্রার পক্ষেও দাঁড়িয়েছেন শেখ হাসিনা, পহেলা বৈশাখের যে অনুষ্ঠানকে ‘হিন্দুয়ানি’ বলে বন্ধের আহ্বান জানিয়ে আসছে আওয়ামী ওলামা লীগও।
গত বছর ইউনেস্কো ঢাকার মঙ্গল শোভাযাত্রাকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র তালিকায় যোগ করার পর এবার সারাদেশে মঙ্গল শোভাযাত্রার ঘোষণা দেয় সরকার।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গল শোভাযাত্রার সাথে ধর্মের কোনো সংঘাত নেই। এটি সাংস্কৃতিক বিষয়, সাংস্কৃতিক আন্দোলন। এটি অন্ধকার ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই। কিছু অপশক্তি এই শোভাযাত্রাকে বন্ধ করার অপতৎপরতা চালাচ্ছে।”
১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার শুরুর যাত্রার অন্যতম পৃষ্ঠপোষক নূরের ভাষায়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চির প্রতিবাদের ভাষা মঙ্গল শোভাযাত্রা।
মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত চারুকলা
এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য কবিগুরুর পঙক্তি- ‘আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্যসুন্দর’। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান, গত বছরগুলোতে যেসব শিল্পকাঠামো মঙ্গল শোভাযাত্রার সম্মুখভাগে ছিল, সেগুলোকে ফিরিয়ে আনা হচ্ছে এবার।
এবারের শোভাযাত্রায় অনেকগুলো সূর্যের মুখের কাঠামো থাকবে, যার একপাশে সূর্যের আলোয় উদ্ভাসিত মুখ থাকবে, অন্যদিকে থাকবে সূর্যের বিপরীতে অন্ধকার কদাকার মুখ। মানুষের অন্তনির্হিত এই দুই রূপ কাঠামোয় তুলে ধরা হবে বলে জানান অধ্যাপক নিসার।
তিনি জানান, এবার মঙ্গল শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে বেরিয়ে শাহবাগ মোড়-রূপসী বাংলা হোটেল-হেয়ার রোড- মৎস্য ভবন মোড়-হাই কোর্ট-দোয়েল চত্বর-বাংলা একাডেমি-টিএসসি ঘুরে শেষ হবে চারুকলায়।
সকাল সাড়ে ৯টায় মঙ্গল শোভাযাত্রার যাত্রা শুরুর আগে ভোরের সূর্য ফোটার সঙ্গে গেয়ে উঠবে রমনা বটমূল, ছায়ানটের অনুষ্ঠানে।
ষাটের দশকে বাঙালিকে একসূত্রে গাঁথার এই আয়োজনের এবার পঞ্চাশ বছর পূর্তি। ‘আনন্দ, বাঙালির আত্মপরিচয়ের সন্ধান ও অসাম্প্রদায়িকতা’ প্রতিপাদ্যে এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে ১৪টি একক গান ও ১০-১২টি সম্মেলক গানে।
ভোর ৬টা ১০ মিনিটে সরোদে ভোরের রাগ আলাপ দিয়ে নতুন বাংলা বছরের আবাহন শুরু হবে। সব মিলিয়ে ঘণ্টা দুয়েকের গান ও পাঠাবৃত্তির সজ্জা। ছায়ানটের সভাপতি সনজীদা খাতুনের শুভেচ্ছা কথনের পর ক্ষণিকের বিরতি দিয়ে ৫০ বছর পূর্তির বিশেষ আয়োজনের অংশ হিসেবে থাকছে পালাগান ‘দিওয়ানা মদিনা’।
রাজধানী নানা সংগঠনের নানা আয়োজনের মধ্যে পুরান ঢাকায় সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে। এটি উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাইদ খোকন।
সীমান্ত খেলাঘর আসরের আয়োজনে পুরান ঢাকার গেণ্ডারিয়ার মঙ্গল শোভাযাত্রাটি বের হবে সকাল ৯টায় দীননাথ সেন রোডের সীমান্ত গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে।
চট্টগ্রামে এই উৎসব বর্ষ বিদায়ের, রাত ফুরোলেই শুরু হবে নতুন বছরকে বরণের উৎসব
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও এস ক্রিয়েশন যৌথভাবে ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফুট রাস্তা সংলগ্ন নীলা বাজারে ঘুড়ি উৎসবের আয়োজন করেছে। শুক্রবার বিকাল ৩টায় এ উৎসব উদ্বোধন করবেন মেয়র আনিসুল হক।
বাংলাদেশ শিশু একাডেমির শহীদ মতিউর মুক্তমঞ্চে সকাল ৯টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বেলা ১১টা, বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা ৭টায় তিনটি নাটক মঞ্চস্থ করবে ‘থিয়েটার’।
জাতীয় জাদুঘর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় জাদুঘর ও প্রত্নস্থানগুলো সরকারি ছুটির এদিন থাকবে উন্মুক্ত।
দেশের সব কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হবে দিনটিতে। শিশু পরিবারের শিশুদের নিয়ে এবং কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
বাংলা নববর্ষ উদযাপনে বিভাগীয় শহর, জেলা শহর ও সব উপজেলায় মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে স্থানীয় প্রশাসন। সারাদেশে হবে গ্রামীণ মেলা।
ঐতিহ্য কেউ নস্যাৎ করতে পারবে না: রাষ্ট্রপতি
বাঙালির পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্যের ঐতিহ্য কেউ নস্যাৎ করতে পারবে না বলে নববর্ষের বাণীতে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
দেশবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, বর্ষবরণের উৎসবের মধ্যে নিহিত রয়েছে বাঙালির আত্মপরিচয়, উত্থান এবং জাতিসত্তা বিকাশের শেকড়।
সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাবোধের উপর আঘাত রুখে দাঁড়াতে পহেলা বৈশাখের শক্তির কথা বলেন রাষ্ট্রপ্রধান।
“এই উৎসবটি বাঙালির জীবনাচার, চিন্তা-চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে আছে একাকার হয়ে। বাংলা নববর্ষ তাই কেবল আনুষ্ঠানিকতানির্ভর কোনো উৎসব নয়; তা বাঙালির ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা, শেকড় সন্ধানের মহান চেতনাবাহী দিন।”
পহেলা বৈশাখ ঘিরে লোক সংস্কৃতির নানা আয়োজনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে তার ইতিবাচক প্রভাবের কথাও বলেন আবদুল হামিদ।
বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনায় মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস বা সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে দিনটি জাতীয় জীবনে প্রেরণা এবং শক্তি হিসেবে কাজ করবে বলে তার দৃঢ় বিশ্বাস।
অতীতের ভুল ভুলে সমৃদ্ধ আগামী আশায় প্রধানমন্ত্রী
অতীতের ভুলত্রুটি এবং গ্লানি ভুলে জীবনের সমৃদ্ধির প্রত্যাশা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নববর্ষের বাণীতে তিনি তুলে ধরেন, পয়লা বৈশাখ যুগ যুগ ধরে বাঙালির মননে মানসে শুধু বিনোদনের উৎসই নয়, বৈষয়িক বিষয়েরও আধার।
শেখ হাসিনা বলেন, বাংলা নববর্ষের উন্মেষ মূলত গ্রামীণ জীবন ঘিরে। হালখাতা উৎসব এবং গ্রামীণ মেলা ছিল একসময়ের মূল আকর্ষণ। হালখাতা এবং মেলাকে কেন্দ্র করে জারি, সারি, পালাগানের আসর বসত এবং গ্রামীণ পণ্যের বেচাকেনা হতো। গ্রামীণ বৈশাখি উৎসব কালক্রমে প্রবেশ করেছে নগর জীবনে। দেশের প্রতিটি শহরেই পয়লা বৈশাখের বর্ষবরণ ঘিরে এখন উৎসবের আমেজ তৈরি হয়।
বাংলা নববর্ষে বিনোদনের পাশাপাশি দেশের অর্থনীতিতে গতি সঞ্চারের কথাও বলেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার আহ্বানও জানান তিনি।
