পিলখানা হত্যা: হাই কোর্টের রায় যে কোনো দিন
বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় ১৫২ আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন ও আসামিদের আপিলের রায় ঘোষণা হবে যে কোনো দিন।
শুনানি শেষে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।
বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
আসামির সংখ্যার দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য ২০১৫ সালে এই বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমিনুল ইসলাম; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল। এর আগে বিভিন্ন সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও শুনানিতে অংশ নিয়েছেন।
পরে অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, পিলখানা বিডিআর হত্যাকাণ্ড মামলার শুনানি শেষ হয়েছে, রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
“কিছু আসামি আছে যাদের মৃত্যুদণ্ড হওয়া উচিৎ ছিল, কিন্তু হয়নি। কিছু আসামি আছে, যারা খালাস পেয়েছেন তাদের সাজা বৃদ্ধি চেয়ে এবং খালাসের বিরুদ্ধে তিনটি আপিল করেছিলাম। কিন্তু দেরিতে আবেদন করায় তিনটি আবেদনই নাকচ করে দিয়েছে আদালত।”
এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, “এই মামলায় এতো লোককে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের সবার ফাঁসি বহাল থাকে কিনা বলা যাচ্ছে না। আবার যাদের সাজা হয়েছে তাদের সবাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা সেটি আদালত বিবেচনায় নেবেন।”
মাহবুবে আলম বলেন, “পিলখানায় ঘটনা খুবই নৃশংস এবং দুঃখজনক। যে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে, তাদের যেভাবে হত্যা করা হয়েছে, তা পৃথিবীর কোথাও আছে বলে আমার জানা নেই।”
আসামি পক্ষের অন্যতম আইনজীবী আমিনুল সাংবাদিকদের বলেন, “আসামিদের অপরাধ প্রমাণের জন্য যে ধরনের সাক্ষ্য-প্রমাণ দরকার রাষ্ট্রপক্ষ তা উপস্থাপন করতে পারেনি। ফলে আশা করছি অধিকাংশ আসামিই খালাস পাবেন।”
পিলখানা হত্যা মামলায় হাই কোর্টে ২০১৫ সালের ১৮ জানুয়ারি আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিল শুনানি শুরুর পর মোট ৩৭০ কার্যদিবস শুনানি হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে রক্তাক্ত বিদ্রোহের এই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।
ওই ঘটনার পর ৫৭টি বিদ্রোহের মামলার বিচার হয় বাহিনীর নিজস্ব আদালতে। আর হত্যাকাণ্ডের বিচার চলে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান ২০১৩ সালের ৫ নভেম্বর এই হত্যা মামলার যে রায় ঘোষণা করেন, তাতে ১৫২ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ মামলার সাড়ে ৮০০ আসামির মধ্যে ওই রায়ের দিন পর্যন্ত জীবিত ছিলেন ৮৪৬ জন। তাদের মধ্যে ১৬১ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
পাশাপাশি অস্ত্র লুটের দায়ে তাদের আরো ১০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জারিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেন বিচারক।
এছাড়া ২৫৬ আসামিকে তিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। কারো কারো সাজার আদেশ হয় একাধিক ধারায়।
অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রায়ে ২৭৭ জনকে বেকসুর খালাস দেয় আদালত।
মৃত্যুদণ্ডে দণ্ডিতরা সবাই বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য ছিলেন। যাবজ্জীন কারাদণ্ডে দণ্ডিতদের মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলীও রয়েছেন।
ওই রায়ের এক বছরেরও বেশি সময় পর ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করে আসামিপক্ষ। এছাড়া রাষ্ট্রপক্ষও খালাসের রায়ের বিরুদ্ধে ও সাজা বাড়াতে আপিল করে।
এর মধ্যে পিন্টু ২০১৫ সালের ৩ মে রাজশাহী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
