পিলখানা হত্যা: ১৫২ ডেথ রেফারেন্সে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু
পিলখানা হত্যা মামলায় ১৫২ আসামির ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) উপর যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ।
রোববার শুনানির ১২৫তম দিনে বিচারপতি মো. শওকত হোসেন নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চে রাষ্ট্রপক্ষ যুক্তি তুলে ধরে। সোমবারও শুনানি হবে।
এই বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
বাংলাদেশের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় এই মামলায় হাই কোর্টে ১৮ জানুয়ারি শুনানি শুরু হয় ১২৪তম দিনে ১ নভেম্বর শুনানিতে রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃন্তান্ত ও রায়সহ বই) উপস্থাপন শেষ করে।
ওই দিন আদালত ৮ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের দিন রাখেন।
এর ধারাবাহিকতায় রোববার রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে। বেলা ১১টা থেকে শুরু হয়ে মাঝে বিরতি দিয়ে বিকাল সোয়া ৪টা পর্যন্ত শুনানি চলে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল, সহকারী অ্যার্টনি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ ও মো. আসাদুজ্জামান।
আসামিপক্ষে রয়েছেন আইনজীবী এস এম শাহজাহান, আমিনুল ইসলাম ও শামীম সরদার প্রমুখ।
২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।
ওই ঘটনায় হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় দেন।
রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডে দণ্ডিতরা সবাই বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য ছিলেন। যাবজ্জীন কারাদণ্ডে দণ্ডিতদের মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলীও রয়েছেন।
ডেপুটি অ্যার্টনি জেনারেল কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্যতালিকায় ১১৯ আসামির আপিল, জেল আপিল ও ৬৯ আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও রয়েছে। এর আগে শুনানিতে ৩৬ খণ্ডের ৩৫ হাজার ১১৩ পৃষ্ঠার পেপারবুক আদালতে উপস্থাপন করা হয়।
পেপার বুকে মামলার এজাহার, অভিযোগপত্র, জব্দ তালিকা, ময়নাতদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও নিম্ন আদালতের রায় পর্যায়ক্রমে সাজানো থাকে।
আদালতে বিরতির সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “আশা করি, চার-পাঁচ দিনের মধ্যে আমার বক্তব্য উপস্থাপন শেষ করতে পারব।
“কারণ ১৭ নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের (আলী আহসান মো. মুজাহিদ) মামলা আপিল বিভাগে রয়েছে। এজন্য আমার সময়ের কিছুটা সীমাবদ্ধতা আছে।”
বিচারিক আদালত ১৫২ জনের মৃত্যুদণ্ড দিলেও চূড়ান্ত শুনানিতে হাই কোর্ট হয়ত এটা কমাতেও পারেন, বলেন মাহবুবে আলম।
শুনানির বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “প্রারম্ভিক বক্তব্যে বলেছি, এটি পৃথিবীর জঘন্যতম হত্যকাণ্ড। তার কারণ একজন পিতা এবং সন্তানের যেমন সম্পর্ক থাকে ঠিক এরকম একজন আর্মি অফিসারের সঙ্গে তার যে সৈনিক একই সম্পর্ক থাকে।
“সেই সম্পর্কটা তারা যেভাবে পদদলিত করেছে, অফিসারদের যেভাবে মৃত্যুর আগে অসন্মান করেছে, তাদের যেভাবে নির্যাতন করেছে, এটি তুলনাহীন।…এই হত্যাকাণ্ডের আসলে দণ্ডের ব্যাপারে কোনোরকম অনুকম্পা দেখানোর সুযোগ নেই।”
