হাই কোর্টে পিলখানা হত্যা মামলার শুনানি শুরু
পিলখানা হত্যা মামলার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে হাই কোর্টের বিশেষ বেঞ্চে।
বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের এই বেঞ্চ রোববার আলোচিত এ মামলার শুনানি শুরু করে।
রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম জাহিদ সরওয়ার ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদও উপস্থিত ছিলেন।
অ্যাটর্নি জেনারেল পেপারবুক থেকে এফআইআর পড়ে শোনানোর পর আসামিপক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম আসামিদের পরিবারের কিছু সদস্যকে শুনানিতে উপস্থিত রাখার অনুমতি চান।
নিরাপত্তা ও জায়গা সঙ্কুলানের কথা বলে আদালত তা নাকচ করে দেয়।
আসামিপক্ষের আইনজীবী শামীম সরদার পেপারবুকের অনুলিপি চাইলে বিচারক বলেন, “আমরা দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের এখনই বেশি প্রয়োজন হলে ফটোকপি করে নিতে বলেন।”
এ মামলার শুনানি যাতে গতি না হারায় সেজন্য কোনো মুলতবি ছাড়াই চলবে বলেও উল্লেখ করে আদালত।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে রক্তাক্ত বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।
ওই ঘটনার পর ৫৭টি বিদ্রোহের মামলার বিচার হয় বাহিনীর নিজস্ব আদালতে। আর হত্যাকাণ্ডের বিচার চলে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান ২০১৩ সালের ৫ নভেম্বর এই হত্যা মামলার যে রায় ঘোষণা করেন, তাতে ১৫২ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ মামলার সাড়ে আটশ আসামির মধ্যে ওই রায়ের দিন পর্যন্ত জীবিত ছিলেন ৮৪৬ জন। তাদের মধ্যে ১৬১ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
পাশাপাশি অস্ত্র লুটের দায়ে তাদের আরো ১০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জারিমানা,অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেন বিচারক।
এছাড়া ২৫৬ আসামিকে তিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। কারো কারো সাজার আদেশ হয় একাধিক ধারায়।
অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রায়ে ২৭৭ জনকে বেকসুর খালাস দেয় আদালত। ওই রায়ের এক বছরেরও বেশি সময় পর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু হলো হাই কোর্টে।
