২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহ: খালেদার মামলা স্থগিতই থাকছে

খালেদা জিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ তুলতে রাষ্ট্রপক্ষের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 04:06 PM

Updated : 11 Oct 2022, 01:45 PM

পুরনো খবর:

খালেদার রাষ্ট্রদ্রোহ মামলার স্থগিতাদেশ স্থগিত চেয়ে আবেদন

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের একটি আবেদন শুনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রোববার এই আদেশ দেয়।

এর ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিতই থাকল বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, হাই কোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। কিন্তু লিভ টু আপিল করা হবে বলে চেম্বার আদালত থেকে ওই আবেদনটি প্রত্যাহার করে নিতে রাষ্ট্রপক্ষ আরেকটি আবেদন করে।

সে কারণেই চেম্বার আদালত বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে বলে মাহবুবে আলম জানান।      

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদন নিয়ে ২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকার হাকিম আদালতে এই রাষ্ট্রদ্রোহ মামলা করেন।

মামলার আর্জিতে বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া বলেন, “মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এতো লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।”

খালেদার ওই বক্তব্যে রাষ্ট্রদ্রোহ হয়েছে বলে মামলায় অভিযোগ করেন মোমতাজ উদ্দিন।

আদালত খালেদার নামে সমন জারি করলে তিনি গতবছর ১০ এপ্রিল হাজিরা দিয়ে জামিন নেন। পরে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে যায়।

২০১৬ সালের ১০ অগাস্ট এ মামলার অভিযোগ আমলে নেয় আদালত। ওই আদেশ চ্যালেঞ্জ করে খালেদা হাই কোর্টে আবেদন করলে গত ২৯ মার্চ হাই কোর্টের একটি বেঞ্চ মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে দেয়।

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়। 

খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সেদিন সাংবাদিকদের বলেন, “এ মামলা চলতে পারে না। কারণ মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে কোনো বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে না। এছাড়া মামলাটি রাষ্ট্র করেনি, করেছেন ব্যক্তি।”