২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার রাষ্ট্রদ্রোহ মামলার স্থগিতাদেশ স্থগিত চেয়ে আবেদন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে করা মন্তব্যের জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 11:00 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির এই আবেদন করেন।

মনিরুজ্জামান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২৯ মার্চ হাই কোর্ট এ মামলাটি ছয় মাসের জন্য স্থগিত করে। হাই কোর্টের সেই স্থগিতাদেশ স্থগিত চেয়ে আবেদন করেছি। আবেদনটি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য উঠতে পারে।”

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলা ৬ মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট।

চলতি বছরের ৫ জানুয়ারি খালেদার করা আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ মামলাটি ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছিল হাই কোর্ট। গত ২৯ মার্চ বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

রুলে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। 

খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সেদিন সাংবাদিকদের বলেছিলেন, এ মামলা চলতে পারে না। কারণ মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে কোনো বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে না। এছাড়া মামলাটি রাষ্ট্র করেনি, করেছেন ব্যক্তি।

 ২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া বলেন, “মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এতো লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।”

একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, “তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।”

এরপর ২৩ ডিসেম্বর খালেদা জিয়ার বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

নোটিসের জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।

এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ জানুয়ারি এ অনুমোদনের চিঠি হাতে পেয়ে ২৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করেন মোমতাজ উদ্দিন।

ওইদিন খালেদা জিয়াকে ৩ মার্চ আদালতে হাজির হওয়ার সমন জারি করে সিএমএম আদালত। পরে একদফা সময় নিয়ে ১০ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন নেন খালেদা জিয়া।

পরে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আসে। ২০১৬ সালের ১০ অগাস্ট এই মামলার অভিযোগ আমলে নেয় আদালত। ওইদিন হাজির হয়ে এ আদালত থেকেও জামিন নেন খালেদা।