২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ের উপজেলা চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানকে দ্বিতীয় দফায় করা বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 02:57 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

আদালতে উপজেলা চেয়ারম্যান মান্নানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

ব্যারিস্টার সানজিদ পরে সাংবাদিকদের বলেন, উপজেলা চেয়ারম্যান মান্নান বর্তমানে জামিনে রয়েছেন। তার বরখাস্তের আদেশ হাই কোর্ট ছয় মাসের জন্য স্থগিত করেছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ২০১৩ ও ২০১৫ সালে বিস্ফোরক আইনে করা দুটি মামলার গত বছরের ১৬ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ।

সেই অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ গত ৮ মার্চ মান্নানকে বরখাস্ত করে। সেই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেই স্থগিতাদেশ পেলেন সোনারগাঁওয়ের উপজেলা চেয়ারম্যান।

এর আগে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি মান্নানকে প্রথম দফায় বরখাস্ত করা হয়। ওই বছরের ৫ মে হাই কোর্ট সেই বরখাস্তের আদেশ স্থগিত করার পাশাপাশি কেন ওই আদেশ বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে।

ওই রুলের সাত মাস পর চলতি বছরের ১১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় মান্নানকে পুনর্বহালের নির্দেশ দেয়।

কিন্তু রুল অনিষ্পন্ন থাকা অবস্থায় দ্বিতীয়বার তাকে বরখাস্তের আদেশ দেয় স্থানীয় সরকার বিভাগ।