তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগপত্র
স্ত্রী পরিচয় দিয়ে এক তরুণীর দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় ক্রিকেটর আরাফাত সানির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
এ মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার অভিযোগপত্র জমা দেনে।
আরাফাত সানির আইনজীবী জুয়েল আহমেদ জানান, কেবল তার মক্কেলকেই অভিযোগপত্রে আসামি করা হয়েছে। তবে কতজনকে সাক্ষী করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।
মামলার বাদী ২৩ বছর বয়সী ওই তরুণীর বাসা মোহাম্মদপুরের কাটাসুর এলাকায়। মেয়েটির দাবি, সাত বছর আগে সানির সঙ্গে তার পরিচয় ও প্রেম হয়। ২০১৪ সালের ডিসেম্বরে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। এরপর বিয়ের বিষয়টি পরিবারকে জানিয়ে আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার কথা বললেও সানি সময় ক্ষেপণ করতে থাকেন।
গত ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের এ মামলার এজাহারে বলা হয়, পরিবার থেকে বিয়ের জন্য চাপ থাকায় ওই তরুণী সানিকে বলেন, হয় তাকে তুলে নেওয়া হোক, না হলে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ব্যবস্থা করা হোক।
এরপর গত বছর জুন মাসে সানি ফেইসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারের মাধ্যমে তাদের কিছু অন্তরঙ্গ ছবি এবং ওই তরুণীর কয়েকটি ছবি তাকে পাঠান এবং নানাভাবে হুমকি দিতে শুরু করেন।
মামলা হওয়ার পর চলতি বছর ২২ জানুয়ারি সাভারের আমিন বাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
সানি গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে যৌতুক আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও দুটি মামলা করেন ওই তরুণী।
নারী নির্যাতন দমন আইনের মামলার আর্জিতে ওই তরুণী দাবি করেছেন, বিয়ের পর ২০১৫ সালের ২৯ জুলাই সানি তার কাছে ২০ লাখ টাকা যৌতুক চান। ওই টাকা না দিলে সানি তার সঙ্গে ঘর সংসার করবেন না বলে জানান তার মা। তারপর সানি ওই তরুনীকে মারধর-গালিগালাজ করে বাসায় ফেলে চলে যান।
আর ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে করা মামলায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগ আনা হয় সানির বিরুদ্ধে।
অবশ্য পরে তাদের ‘সমঝোতা’ হয় এবং বাদীর অনাপত্তিতে জামিনে মুক্তি পান এক সময় বাংলাদেশ জাতীয় দলে খেলা আরাফাত সানি।
