যৌতুকের মামলাতেও সানির জামিন
স্ত্রী পরিচয় দিয়ে এক তরুণীর দায়ের করা যৌতুকের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনে পেয়েছেন ক্রিকেটর আরাফাত সানি।
বুধবার সকালে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে মহানগর হাকিম নূর নবী ১০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আইনজীবী এম জুয়েল আহমেদ জানান, সমঝোতা হওয়ায় মামলার বাদী ‘জামিনে আপত্তি নেই’ বলে জানিয়েছেন। এরপর আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছেন।
সানির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও নারী নির্যাতন দমন আইনে আরও দুটি মামলা করেছেন ওই তরুণী। এর মধ্যে এক মামলায় গত ২২ জানুয়ারি সাভারের আমিন বাজার থেকে এই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়।
পরে সমঝোতা হওয়ায় বাদীর অনাপত্তিতে দুই মামলাতেই সানির জামিন হয় এবং তিনি মুক্তি পান।
নারী নির্যাতন দমন আইনের মামলার আর্জিতে ওই তরুণী দাবি করেছেন, ২০১৪ সালের ডিসেম্বরে আরাফাত সানির সঙ্গে তার বিয়ে হয়। ২০১৫ সালের ২৯ জুলাই সানি তার কাছে ২০ লাখ টাকা যৌতুক চান।
মামলায় বলা হয়, “ওই টাকা না দিলে সানি তার সঙ্গে ঘর সংসার করবেন না বলে জানান তার মা। তারপর সানি ওই তরুনীকে মারধর-গালিগালাজ করে বাসায় ফেলে চলে যায়।”
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বলা হয়, আনুষ্ঠানিকভাবে স্ত্রী হিসেবে তাকে তুলে নেওয়ার জন্য চাপ দিলে গত বছর জুন মাসে সানি ফেইসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারে তাদের কিছু অন্তরঙ্গ ছবি পাঠান এবং নানাভাবে হুমকি দিতে শুরু করেন।
আর ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে করা মামলায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগ আনা হয় সানির বিরুদ্ধে।
