২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক বন্ধের ‘চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি’

মধ্যরাতে ছয় ঘণ্টা ফেইসবুক বন্ধের পরিকল্পনা করলেও আলোচনা-সমালোচনার মধ্যে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে আশ্বস্ত করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 06:32 PM

Updated : 19 Aug 2022, 04:13 PM

রাতে ছয় ঘণ্টা ফেইসবুক বন্ধ রাখা যায় কি না- বিটিআরসির কাছে মতামত চেয়ে টেলিযোগাযোগ বিভাগের একটি চিঠি পাঠানোর খবর সোমবার সকালে গণমাধ্যমে আসার পর তা নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের একটি চিঠির পরিপ্রেক্ষিতে বিটিআরসির মতামত চেয়েছেন তারা।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমে কড়াকড়ির খবর নিয়ে তখন থেকে আলোচনা-সমালোচনা চলতে থাকে। রাতে ফেইসবুক বন্ধ করা হচ্ছে শিরোনাম দিয়ে খবরও আসে কয়েকটি সংবাদ মাধ্যমে।

এর পরিপ্রেক্ষিতে দুপুরে টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেইসবুক’- এই ধরনের সংবাদ সঠিক নয়। এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।

Image
২০১৫ সালে সরকার ২২ দিন ফেইসবুক বন্ধ রাখলে বিভিন্ন সংগঠন রাস্তায় নামে।

২০১৫ সালে সরকার ২২ দিন ফেইসবুক বন্ধ রাখলে বিভিন্ন সংগঠন রাস্তায় নামে।

তার আগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মুখপাত্র মো. সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “মধ্যরাত থেকে ছয় ঘণ্টা ফেইসবুক বন্ধ রাখা যায় কি না, সে বিষয়ে টেলিযোযোগ বিভাগ থেকে মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে। শিগগিরই বিটিআরসির মতামত জানানো হবে।”

কী কারণে এই মতামত চাওয়া হয়েছে- তার ব্যাখ্যায় টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার তাদের কাছে পাঠানো মন্ত্রিপরিষেদ বিভাগের চিঠি উদ্ধৃত করে বলেন, “চিঠিতে বলেছে, ফেইসবুক আসক্তির কারণে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, তরুণদের কর্মক্ষমতায় বিরূপ প্রভাব পড়ছে।”

মন্ত্রিপরিষদের ওই চিঠি পাওয়ার পর শিক্ষার্থী ও তরুণদের ‘মঙ্গলের জন্য’ মধ্যরাত থেকে ছয় ঘণ্টা ফেইসবুক বন্ধ রাখা যায় কি না, সে বিষয়ে মতামত চেয়ে বিটিআরসিকে চিঠি পাঠায় টেলিযোগাযোগ বিভাগ।

শ্যাম সুন্দর শিকদার বলেন, বিটিআরসির মতামত পেলে সরকার ঠিক করবে ফেইসবুক বন্ধ রাখা হবে কি না?

Image
ছবি- রয়টার্স

ছবি- রয়টার্স

টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেইসবুক এখন ব্যবসায়িক যোগাযোগেরও জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। দিনের এক-চতুর্থাংশ সময় ফেইসবুক বন্ধ রাখা হলে ব্যবসায়িক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হবে কি না- সেটাও বিবেচনার বিষয় রয়েছে।”

গতবছর জেলা প্রশাসক সম্মেলনে এই সংক্রান্ত একটি প্রস্তাব এসেছিল। সেই প্রস্তাবের ভিত্তিতেই গত সপ্তাহে ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ ওই চিঠি পাঠায়।

সাম্প্রতিক সময়ে এসএসসি-এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হচ্ছে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, যা নিয়ে সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে।

এছাড়া উগ্রপন্থি বিভিন্ন সংগঠনও গত কয়েক বছর ধরে সোশাল মিডিয়ার মাধ্যমে কর্মী সংগ্রহ, মতবাদের প্রচার ও নিজেদের মধ্যে যোগাযোগের কাজটি চালিয়ে আসছে।

দেশে কুপিয়ে হত্যা ও হামলার কয়েকটি ঘটনার পর জঙ্গিদের যোগাযোগের পথ বন্ধ করার কারণ দেখিয়ে ২০১৫ সালের ১৮ নভেম্বর থেকে ২২ দিন বাংলাদেশে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি অ্যাপ ব্যবহারের সুযোগ বন্ধ রেখেছিল সরকার।

পুরনো খবর:

রাতে ৬ ঘণ্টা কার্টুন চ্যানেল সম্প্রচারও বন্ধ রাখতে চায় সরকার
রাতে ৬ ঘণ্টা ফেইসবুক বন্ধ রাখতে চায় সরকার