২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে ৬ ঘণ্টা ফেইসবুক বন্ধ রাখতে চায় সরকার

শিক্ষার্থী ও তরুণদের ‘মঙ্গলের জন্য’ বাংলাদেশে মধ্যরাত থেকে ছয় ঘণ্টা ফেইসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 01:43 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে বলেছে, ফেইসবুক আসক্তির কারণে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, তরুণদের কর্মক্ষমতায় বিরূপ প্রভাব পড়ছে।

টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এ বিষয়ে টেলিযোযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির মতামত চেয়েছেন।

“গতবছর জেলা প্রশাসক সম্মেলনে একটি প্রস্তাব এসেছিল। শিক্ষার্থী ও তরুণদের ক্ষতির কথা তুলে ধরে সেখানে বলা হয়েছিল- মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ফেইসবুক বন্ধ রাখা যায় কি না। সেই প্রস্তাবের ভিত্তিতেই গত সপ্তাহে ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ ওই চিঠি পাঠায়।” 

এ বিষয়ে বিটিআরসির মতামত চাওয়ার কথা জানিয়ে সচিব বলেন, তাদের মতামত পেলে সরকার ঠিক করবে ফেইসবুক বন্ধ রাখা হবে কি না।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসি চেয়ারমান শাহজাহান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এখনও মন্ত্রণালয়ের চিঠি পাননি, তবে বিষয়টি শুনেছেন। চিঠি পেলে বিষয়টি যাচাই বাছাই করে দেখবেন। 

সাম্প্রতিক সময়ে এসএসসি-এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হচ্ছে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, যা নিয়ে সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে।

এছাড়া উগ্রপন্থি বিভিন্ন সংগঠনও গত কয়েক বছর ধরে সোশাল মিডিয়ার মাধ্যমে কর্মী সংগ্রহ, মতবাদের প্রচার ও নিজেদের মধ্যে যোগাযোগের কাজটি চালিয়ে আসছে। 

দেশে কুপিয়ে হত্যা ও হামলার কয়েকটি ঘটনার পর জঙ্গিদের যোগাযোগের পথ বন্ধ করার কারণ দেখিয়ে ২০১৫ সালের ১৮ নভেম্বর থেকে ২২ দিন বাংলাদেশে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি অ্যাপ ব্যবহারের সুযোগ বন্ধ রাখে সরকার।

টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ফেইসবুক এখন ব্যবসায়িক যোগাযোগেরও জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। দিনের এক চতুর্থাংশ সময় ফেইসবুক বন্ধ রাখা হলে ব্যবসায়িক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হবে কি না- সেটাও বিবেচনার বিষয় রয়েছে।

পুরনো খবর:

ফেইসবুকের সঙ্গে ফের বৈঠকে বসছে সরকার