২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের সঙ্গে ফের বৈঠকে বসছে সরকার

উগ্রবাদ, জঙ্গিবাদ এবং বিদেশ থেকে পরিচালিত আপত্তিকর কনটেন্টের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে চলতি মাসেই ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 01:50 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

মঙ্গলবার ঢাকার লো মেরিডিয়ান হোটেলে ‘ডিজিটাল বাংলাদেশ: সাইবার অপরাধ, নিরাপদ ইন্টারনেট ও ব্রডব্যান্ড’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা উদ্বোধন অনুষ্ঠান শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “ফেইসবুক ও গুগলের সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে। ফেইসবুক তাদের কথামত কাজ করছে।

“আপত্তি উত্থাপনের পরই ফেইসবুক ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া দিচ্ছে। উসকানিমূলক, জঙ্গিবাদ ছড়ায়- এ ধরনের পেইজ তারা বন্ধ করেছেন। আমরা অনেকটাই এগিয়ে গেছি। ফেইসবুকের অনুবাদকও রয়েছে, তাদের বুঝতে হবে কনটেন্টটা কী।”

তবে জঙ্গিবাদ ছড়ানো ফেইসবুক আইডিগুলোর অনেকগুলো ‘ফেইক’ (ভুয়া) থাকায় এর পেছনের ব্যক্তিদের চিহ্নিত করায় সমস্যা হচ্ছে বলে জানান তারানা হালিম।

তিনি বলেন, “সমস্যা হলো, যেগুলো ইউআরএল পাঠাতে হয় ওখানে, অনেকগুলো থাকে ফেইক (ভুয়া), তখন ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারছেন না। আইনের প্রয়োগ তখনই হবে, যখন ব্যক্তিকে চিহ্নিত করতে পারব।”

এসব সমস্যা সমাধান করতে আলোচনার জন্য মার্চে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এই সমস্যাগুলো- উগ্রবাদ, জঙ্গিবাদ ছড়ায় যে পেইজগুলো বা বিদেশ থেকে যেগুলো পরিচালিত হয়, সেগুলোর ব্যাপারে আমরা যেন কার্যকর পদক্ষেপ নিতে পারি।”

দেশে কুপিয়ে হত্যা ও হামলার কয়েকটি ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করার কারণ দেখিয়ে ২০১৫ সালের ১৮ নভেম্বর থেকে ২২ দিন বাংলাদেশে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি অ্যাপ ব্যবহারের সুযোগ বন্ধ রাখে সরকার।

ওই সময় ফেইসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফেইসবুকের নানা ‘অপব্যবহার ও নেতিবাচক’ বিষয় তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

২০১৫ সালের ডিসেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ফেইসবুকের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকও করেন সরকারের তিন মন্ত্রী। এরপর গত বছরের জানুয়ারিতে সিঙ্গাপুরে গিয়ে ফেইসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্যালয়ে বৈঠকও করেন তারা।

এর আগে কয়েকজন ব্যবহারকারীর তথ্য চেয়ে সাড়া না পেলেও এসব বৈঠকের পর থেকে বাংলাদেশ সরকারের চাওয়া অনুযায়ী, উগ্রবাদ ছড়ানোয় সন্দেহভাজন বিভিন্ন ব্যবহারকারীর তথ্য সরকারকে সরবরাহ করে ফেইসবুক কর্তৃপক্ষ।

ইন্টারনেটে ‘অনাকাঙ্ক্ষিত বিষয়’ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিকার পাওয়ার জন্য ফেইসবুকের পাশাপাশি গুগল ও মাইক্রোসফটের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’ হয়েছে বলে গত জুনে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

এবার সাইবার নিরাপত্তা নিয়ে আয়োজিত কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিজস্ব নীতিমালায় পরিচালিত হয়। সেখানে একটি অংশ থাকে যে, সেই নীতিমালাগুলো যেন কোনো রাষ্ট্রের আইনবিরোধী না হয়। এর যথাযথ বাস্তবায়ন হলে প্রত্যেক দেশের সুবিধা হয়।”

এর কারণ হিসেবে তারানা হালিম বলেন, “আমাদের নিজস্ব কিছু সাংস্কৃতিক মূল্যবোধ রয়েছে, কিছু স্পর্শকাতর বিষয় রয়েছে। আমরা একটি অসাম্প্রদায়িক দেশ, কাজেই এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি রেখে তাদের (সামাজিক যোগাযোগ মাধ্যম) নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন হয়।”

সামাজিক, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক বিষয়গুলো মাথায় রেখে নীতিমালা প্রণয়ণ করতে হবে এবং নীতিমালার জন্য প্রত্যেক দেশের জন্য ভিন্ন ভিন্ন তদারকি সেল থাকা উচিত বলে মনে করেন প্রতিমন্ত্রী।

সাইবার নিরাপত্তায় আরো বিনিয়োগ করা উচিত মন্তব্য করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, “ডিজিটাল অগ্রগতির সাথে সাইবার নিরাপত্তায় প্রচুর বিনিয়োগ করতে হবে, সকল প্রতিষ্ঠানকে বিনিয়োগ করলে সরকারই লাভবান হবে।”

সাইবার নিরাপত্তায় গোটা বিশ্বে প্রতিবছর ৪০০ বিলিয়ন ডলার খরচ হচ্ছে জানিয়ে তারানা বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ডিজিটালের ছোঁয়া পেয়েছি, এবং এটি এখন বাস্তবতা। পুরো বিশ্বকে এক ছাতার নিচে এসে সাইবার ক্রাইমের মোকাবেলা করতে হবে।”

কর্মশালায় ‘সেফটি অন ইন্টারনেট’ শীর্ষক অধিবেশনে সাইবার নিরাপত্তায় বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করা উচিৎ মন্তব্য করে তিনি বলেন, “আমাদের একে অন্যর সাথে কথা বলে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের বিভিন্ন সংস্থা সাইবার নিরাপত্তা ইস্যু নিয়ে কাজ করছে এবং তারা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।”

কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) উদ্যোগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন। সিটিও মহাসচিব শোলা টেইলর কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব খান ।

দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মোবাইল ফোন ও টেলিযোগাযোগ অপারেটরদের প্রতিনিধি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির কর্মকর্তারা কর্মশালায় অংশ নিচ্ছেন।

দুইদিন ব্যাপী এ কর্মশালায় নয়টি সেশন অনুষ্ঠিত হচ্ছে।

কর্মশালায় ইন্টারনেট সুরক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধে টেলিযোগাযোগ রেগুলেটরের ভূমিকা ও বিশ্বব্যাপী সর্বোত্তম চর্চা, সাইবার অপরাধ তদন্ত ও বিচার নিয়ে আলোচনা হবে।

এছাড়া ওভার দ্য টপ সেবার সুযোগ ও প্রতিবন্ধকতা, সাইবার অপরাধ দমনে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল ফোন অপারেটরদের ভূমিকা, বাংলাদেশে সাইবার অপরাধ দমনে টেলিযোগাযোগ খাতের গৃহীত কৌশলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত হবে।

পুরনো খবর:

ফেইসবুকের সঙ্গে বৈঠকে ৩ মন্ত্রী
সরকারের চিঠিতে ফেইসবুকের সাড়া
সরকারকে আরও ব্যবহারকারীর তথ্য দিয়েছে ফেইসবুক
প্রথমবারের মতো বাংলাদেশ সরকারকে তথ্য দিয়েছে ফেইসবুক
দ্রুত ফেইসবুকের সাড়া পেতে আলোচনা: তারানা