রাতে ৬ ঘণ্টা কার্টুন চ্যানেল সম্প্রচারও বন্ধ রাখতে চায় সরকার
ফেইসবুকের পাশাপাশি কেবল টিভিতে কার্টুন চ্যানেল সম্প্রচারও মধ্য রাত থেকে ছয় ঘণ্টা বন্ধ রাখার কথা ভাবছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ ফেইসবুক বন্ধের মতামত চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চিঠি দেওয়ার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব বরাবর এর অনুলিপি পাঠায়।
ওই চিঠিতে কেবল টিভিতে কার্টুন চ্যানেল সম্প্রচার বন্ধের বিষয়টিও উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়, কোমলমতি শিশু-কিশোরদের বিনোদনের অন্যতম প্রধান আকর্ষণ কার্টুন চ্যালেন। কার্টুন চ্যানেলগুলো ২৪ ঘণ্টা খোলা থাকার ফলে শিশুরা গভীর রাত পর্যন্ত কার্টুন দেখছে। পর্যাপ্ত ঘুম না হওয়ায় পাঠে পরিপূর্ণ মনোযোগ দিতে পারছে না তারা। এতে শিশু কিশোরদের শারীরিক মানসিক স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে।
সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গড়ার লক্ষ্যে রাত ১২ থেকে সকাল ৬টা পর্যন্ত ফেইসবুক এবং কেবল টেলিভিশনে কার্টুন চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখা যায় কিনা সে বিষয় মতামত চাওয়া হয় চিঠিতে।
ফেইসবুক বন্ধে চিঠির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনা-সমালোচনার মধ্যে ‘মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেইসবুক’- এই ধরনের সংবাদ সঠিক নয় বলে সোমবার দুপুরে টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেইসবুক বন্ধের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
রাতে ছয় ঘণ্টা ফেইসবুক বন্ধ রাখা যায় কি না- মতামত চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির পর টেলিযোগাযোগ বিভাগ এবিষয়ে মতামত চেয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছে আরেকটি চিঠি পাঠায়।
ওই চিঠির জবাবে ইতোমধ্যে বিটিআরসি ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দিয়ে বলেছে, কারিগরি দিক থেকে কেবল মাত্র ছাত্র-ছাত্রীদের জন্য ফেইসবুক বন্ধ করা সম্ভব নয়। ফেইসবুক একাউন্টে বয়স নিশ্চিত করার কোনো কার্যকরী ব্যবস্থা এখন পর্যন্ত নেই।
