‘আমাদের সুপারম্যান বঙ্গবন্ধু’
মৃত্যু শঙ্কায় থেকেও আপসহীন-সাহসী উচ্চারণ, আত্মবিশ্বাসের সঙ্গে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে চলা রাজনীতিক-রাষ্ট্রনায়ক আর সাধারণ জীবনযাপন করে ‘সুপারম্যান’ হয়ে উঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক বিভিন্ন ঘটনার উদাহরণে শুনিয়েছেন সাংবাদিক সৈয়দ বদরুল আহসান।
বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে শুক্রবার বাংলা একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধু: ব্যক্তি, রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক’ শীর্ষক একক বক্তৃতায় তার সাহসিকতা, আত্মবিশ্বাস, ভবিষ্যৎদৃষ্টি, দৃঢ়চেতা মনোভাবের সঙ্গে হাস্যরসের সমন্বয় এবং ব্যক্তিকে মনে রাখার অনন্য দিক তুলে ধরেন তিনি।
দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিক বদরুল আহসান উপসংহার টানেন, “আমাদের মতো খুব সাধারণ জীবন-যাপন করতেন বঙ্গবন্ধু। তবুও তিনি আমাদের সুপারম্যান, আমাদের হিরো তিনি।”
তিনি বলেন, “বঙ্গবন্ধুর রাজনীতি ছিল বলেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তার রাজনীতি ছিল বলেই তার সম্পর্কে কথা বলি, তাকে স্মরণ করি।
“তিনি কেবল আমাদের ইতিহাসের মূল ব্যক্তি না, তিনি আমাদের ইতিহাস রচনা করেছেন। এক কথায় তিনি আমাদের ইতিহাস। আর আমরা সেই ইতিহাসেরই অংশ।”
বাংলা একাডেমির আয়োজনে এই একক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “বঙ্গবন্ধুর সংগ্রামকে তার মৃত্যুর পর নানাভাবে বিকৃত করার অপচেষ্টা হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ভুল ইতিহাস নিয়ে বেড়ে উঠেছে। এখন বিভিন্ন অনুষ্ঠানে তরুণরা সঠিক ইতিহাসটা শুনতে পারছে।”
তিনি বলেন, “বঙ্গবন্ধু সব কাজে সবসময় আপসহীন ছিলেন। তার সব কাজের মূলে ছিল স্বাধীন দেশ। ছাত্রজীবন থেকে মৃত্যু পর্যন্ত একটা সোজাপথে গেছেন, কোনো জিগজাগ করেননি। যা বিশ্বাস করেছেন, সেটা করেছেন।”
বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন, “সাংবাদিক বদরুল আহসানের বক্তৃতা আমাদের মন্ত্রমুগ্ধের মতো শুনতে হয়েছে। বক্তৃতা নয়, যেন গল্প শুনছিলাম। অভিজ্ঞ সাংবাদিক, তিনি সব কিছু মনে রেখেছেন।”
ব্যক্তি শেখ মুজিবের সাহসের উদাহরণ টেনে বক্তব্যের শুরু করে সাংবাদিক বদরুল আহসান বলেন, “বঙ্গবন্ধুর আগে বাংলাদেশের রাজনীতিতে আমরা জাতি হিসাবে তেমন সাহসী ছিলাম না, বা তেমন সাহসী থাকলেও তার মতো দৃঢ় বক্তব্য দিতে পারি নাই। তিনি আমাদের মাঝে আসার ফলে, আগরতলা ষড়যন্ত্র মামলার পরে এর ফলে যা হয়েছে, জাতি হিসাবে আমাদের মনমানসিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে।”
বঙ্গবন্ধুর সাহসিকতার কথা বলতে গিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রথম শুনানির দিন ১৯৬৮ সালের ১৯ জুন আদালতে সাংবাদিক ফয়েজ আহমদের সঙ্গে বঙ্গবন্ধুর কথোপকথনের প্রসঙ্গ টানেন বদরুল আহসান।
সেখানে বঙ্গবন্ধু স্বরের উঠানামা করে এই সাংবাদিকের নাম ধরে দুইবার ডাকলেও ফয়েজ আহমদ শোনেনি। পরে বঙ্গবন্ধু খুব উচ্চ আওয়াজে ‘এই ফয়েজ আহমদ’ বলে ডাক দেন।
“বঙ্গবন্ধু তৃতীয়বার ডাকার পর ফয়েজ ভাই তার দিকে না তাকিয়ে আস্তে আস্তে বলেন, ‘গোয়েন্দা সংস্থার লোকজন আছে, এখানে কথা বলা যাবে না’। এটা শোনার পর বঙ্গবন্ধু জোরেশোরেই বললেন, ‘বাংলাদেশে থাকতে হলে শেখ মুজিবের সাথে কথা বলতে হবে।’ এতো জোরে তিনি বললেন যে, স্বয়ং বিচারক একটু ভড়কে গেলেন।
“এই যে একজন রাজনৈতিক নেতা যার বিচার হচ্ছে। বিচার হচ্ছে দেশদ্রোহের মামলায়। ভবিষ্যৎ কী হবে তিনি জানেন না। কেউ জানেন না, আদৌ তিনি কারাগার থেকে বের হতে পারবেন কি না। তা সত্ত্বেও তিনি সে সাহস দেখিয়েছেন।”
আত্মবিশ্বাসের কথা বলতে গিয়ে ওই বিচার চলাকালে এক বিদেশি সাংবাদিকের সঙ্গে বঙ্গবন্ধুর একটি প্রশ্নোত্তরের প্রসঙ্গ তুলেন ধরেন বদরুল আহসান।
তিনি বলেন, “বঙ্গবন্ধু ইংরেজিতে বলেছিলেন, এরা আমাকে ছয় মাসের বেশি আটক রাখতে পারবে না। সেটা জুন মাসেই। দেখা গেল, তিনি সাত মাসের মাথায় মামলা প্রত্যাহার হওয়ায় কারাগার থেকে বেরিয়ে এলেন।”
অসহযোগ আন্দোলনের সময় শেখ মুজিবের কথায় দেশ চলছিল জানিয়ে বক্তা সে সময় ইয়াহিয়ার তৎকালীন পূর্ব পাকিস্তান সফর নিয়ে বঙ্গবন্ধুর এক সাক্ষাৎকারের কথা তুলে ধরেন।
“বিদেশি সাংবাদিক তার কাছে জানতে চেয়েছিল, ইয়াহিয়া খান আসলে কীভাবে গ্রহণ করবেন। জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘তিনি আমাদের অতিথি, আমরা তাকে স্বাগত জানাব।’
“তাতে তিনি সহজ-সরল কথায় একবারে বুঝিয়ে দিয়েছেন, ইয়াহিয়া খানের কর্তৃত্ব বাংলাদেশে নাই। তিনি আসতে পারেন আমাদের অতিথি হয়ে। তিনি হয়ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে আসছেন, কিন্তু আমরা হলাম এদেশের মালিক।”
আগরতলা ষড়যন্ত্র মামলা এবং একাত্তরের ২৫ মার্চ ধরে নিয়ে যাওয়ার পর বঙ্গবন্ধু মৃত্যুর মুখোমুখি হলেও তিনি দৃঢ়চেতা মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেন বদরুল আহসান।
বাঙালির উত্তাল আন্দোলনের সময় বঙ্গবন্ধুর পাকিস্তানের কোয়েটা সফরে স্বচক্ষে দেখা একটি ঘটনার বর্ণনা দেন সাংবাদিক বদরুল আহসান।
“বঙ্গবন্ধুকে বলা হয়েছিল, ছয় দফা বাস্তবায়ন হলেতো পাকিস্তান ভেঙ্গে যাবে। বঙ্গবন্ধু একটি বাক্যে দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, ‘You have sucked our blood for 23 years, now you will face the music’. একথা বলার পর আর কেউ উচ্চবাচ্য করেনি। সবাই খেতে চলে গিয়েছিল।”
বক্তব্যের একটি অংশে বঙ্গবন্ধুর সাহসিকতা ও আত্মমর্যাদাবোধ প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে তাকে পালিয়ে যেতে বলেছেন। তিনি পালিয়ে যাননি। নির্বাচিত পার্টির নেতা পালিয়ে যেতে পারে না, এমন একটা ধারণা তার মধ্যে ছিল। তিনি অন্যদের বলেছেন, তোমরা প্রস্তুতি নাও, ওরাতো আমাকে ধরে নিয়ে যাবে।”
বদরুল আহসান বলেন, নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি বঙ্গবন্ধুর ছিল অগাধ বিশ্বাস।
“সবসময় আজীবন… ছয় দফা থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত তিনি যে ধারাটি ধরে রেখেছেন, সেটা হলো বাংলাদেশে একটি নিয়মতান্ত্রিক রাজনীতি চলবে, সাংবিধানিক রাজনীতি চলবে। তিনি কখনো সংবিধানের-নিয়মতান্ত্রিকতার বাইরে যাননি।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “১৯৭৫ সালের চতুর্থ সংশোধনী যেটা করলেন, যেটা নিয়ে অনেকে কথা বলেন, সেখানেও তিনি যে পদ্ধতিটা গ্রহণ করলেন, সেটাও কিন্তু সংসদের মাধ্যমে… সংবিধানের বাইরে তিনি যাননি। এমনই ছিল বঙ্গবন্ধুর রাজনীতি।”
বদরুল আহসান বলেন, “তিনি ক্ষুদ্র সাম্প্রদায়িক রাজনীতি থেকে অসাম্প্রদায়িক নেতা হলেন, পাকিস্তানি থেকে বাঙালি হলেন। তিনি পাকিস্তান আন্দোলন করেছেন। পরে সেখান থেকে উত্তরোত্তর এগিয়ে গেছেন। এগিয়ে যাওয়ার ফলে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন সেটার নেতৃত্ব দিয়েছেন।
“সাম্প্রদায়িক রাজনীতি থেকে অসাম্প্রদায়িক নেতায় পরিণত হলেন। তারপরে যেটা আসল, তিনি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করতেন। ছয় দফা থেকে আরম্ভ করে ধাপে ধাপে সবকিছুতে সাংবিধানিক ও আইনি দিক, সামরিক শাসন বিরোধী আন্দোলনেও বারবার কারাবরণ করলেও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে গেছেন।”
ছয় দফার প্রত্যেকটি ধারাতেও আইনি দিক বজায় ছিল বলে মন্তব্য করেন বদরুল আহসান।
সাতই মার্চের ভাষণেও সরাসরি স্বাধীনতার ঘোষণা না দেওয়া নিয়মতান্ত্রিকতারই অংশ ছিল বলে মনে করেন বদরুল আহসান।
তিনি বলেন, “অনেক জল্পনা-কল্পনা হয়েছে যে তিনি সাতই মার্চ স্বাধীনতা ঘোষণা করবেন কি করবেন না। অনেক চাপ, ছাত্রসমাজের চাপ ছিল। ভিডিও দেখলেও বোঝা যায়, সমস্ত জনতার ভার তার কাঁধের উপর আছে। তিনি জানতে পারছেন, আমরা জানতে পারছি না।”
সরাসরি স্বাধীনতার ঘোষণা না দেওয়ার ক্ষেত্রে ১৯৬১ সালে রোডেশিয়া ও পূর্ব নাইজেরিয়ায় ঘোষিত ‘ইউনিল্যাটারাল ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স’ না টেকার উদাহরণও বঙ্গবন্ধুর সামনে ছিল বলে মন্তব্য করেন বদরুল আহসান।
“তিনি নির্বাচিত নেতা। তবুও এমনভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিচ্ছিন্নতাবাদের দিকে যাননি। এমনকি ইয়াহিয়া খানের সঙ্গে ’৭১ সালে যে আলোচনা সেখানেও তিনি সংবিধানের বাইরে যাননি।”
দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কখনো আত্মবিশ্বাস ও নীতি থেকে বিচ্যুত হননি বলে বক্তব্যের বিভিন্ন সময়ে তুলে ধরেন সাংবাদিক বদরুল আহসান।
“তিনি নীতিবান রাজনীতিবিদ ছিলেন। কখনো লাইনচ্যুত হননি, বিচ্যুতি ঘটেনি। অনেকে মুচলেকা দিয়ে রাজনীতি থেকে সরে এসেছেন। উনি সেটা করেননি।”
এক্ষেত্রে ভুট্টোর প্রস্তাব মতো ‘গ্র্যান্ড কোয়ালিশনে’ না যাওয়া এবং ’৬৯ সালের গোলটেবিল বৈঠকের বাইরে একান্ত আলাপে নির্বাচন ছাড়া সরকার গঠনের প্রস্তাবে না যাওয়ার উদাহরণ দেন বক্তা।
তিনি বলেন, “১৯৭০ সালের নির্বাচনের পর জুলফিকার আলী ভুট্টো এসে জোর গলায় বলেছিলেন, আমরা দুইজনে মিলে একটা যৌথ সরকার গঠন করব, গ্র্যান্ড কোয়ালিশন। বঙ্গবন্ধু ওনাকে দুইটা কথা বলেছিলেন। প্রথমটা হচ্ছে সরকার গঠন করার আগে আমরা সংবিধান প্রণয়ন করব ছয় দফার ভিত্তিতে এবং সরকার গঠন যদি করতেই হয় তাহলে সেটা আমরাই করব। কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ। তোমরা থাকবে বিরোধী দলে।
“১৯৬৯ সালে আইয়ুব খানের আহ্বানে রাওয়ালপিন্ডির গোলটেবিল বৈঠকে যখন দেখা গেল আলোচনা খুব আগাচ্ছে না, তখন বঙ্গবন্ধুকে আলাদা রুমে ডেকে নিয়ে তার সঙ্গে মিলে সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি সেটা মানেননি। অন্য কেউ হলে এই ধরনের অফার পেলে সরাসরি গ্রহণ করত। কিন্তু বঙ্গবন্ধু সেটা গ্রহণ করেননি।”
এ প্রসঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বক্তব্য ‘আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি’ তুলে ধরেন বদরুল আহসান।
“ফিদেল বলেছিলেন, তুমি জেলে থাকলা আর তোমার নামে একটা দেশ স্বাধীন হয়ে গেল! এজন্য তোমাকে দেখতে এসেছি।”
দেশ স্বাধীন করার চিন্তা আগে থেকেই বঙ্গবন্ধুর মাথায় থাকা ছিল মন্তব্য করে সে বিষয়ে ১৯৫৭ সালে রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে মুখ্যমন্ত্রী দপ্তরে তার এক কথোপকথনের তুলে ধরেন বক্তা।
“বঙ্গবন্ধু বলেছিলেন, স্যার একটা কথা জিজ্ঞেস করি- পাকিস্তান যেভাবে চলতেছে, ১০ বছর হয়ে গেল…এভাবে কি পাকিস্তানকে টিকিয়ে রাখা ঠিক হবে?’ তখন সোহরাওয়ার্দী সাহেব বলেছিলেন, ‘এতো সাধনা করে আমরা অর্জন করেছি দেশ, এটা ভেঙ্গে ফেলা ঠিক হবে না’। তখন নাকি বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আপনারা যা ইচ্ছা করুন, আমাদের যখন সময় আসবে আমরা আমাদের নিজেদের মতো করে নিব।”
“তিনি কেবল আমাদের জাতির পিতা না, বঙ্গবন্ধু না। তার চেয়ে অনেক বড় মাপের মানুষ। তার ইতিহাস দেখলে আপনি দেখবেন, আপনি যদি ’৬৬ সাল থেকেও ধরেন তাহলে দেখবেন- ৫১ বছর বয়সে তিনি দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। অথচ আমাদের মনে হত অনেক বয়স।”
‘ভবিষ্যৎদ্রষ্টা ও বাস্তবভিত্তিক’ পদক্ষেপের অংশ হিসাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা সত্ত্বেও বঙ্গবন্ধু চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে কোনো কথা বলেননি বলে মনে করেন বদরুল আহসান।
তিনি বলেন, “চীন জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তিতে ভেটো দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কিছু বলেননি। তিনি জানতেন, এই দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক থাকা লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিরোধিতা করেছিল, কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেননি।”
বাংলাদেশের স্বীকৃতি আদায়ের পরই কেবল ওআইসি সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যেতে বঙ্গবন্ধুর রাজি হওয়ার কথা উল্লেখ করেন বদরুল আহসান।
বঙ্গবন্ধু একবার যাকে দেখতেন তার কথা ভুলতেন না বলে বক্তব্যে উল্লেখ করেন সাংবাদিক বদরুল আহসান।
তিনি বলেন, ১৯৪৬ সালে কলকাতা দাঙ্গার আগে সাংবাদিক নিখিল চক্রবর্তীর সঙ্গে তার পরিচয় ছিল। দীর্ঘ দিন পর ১৯৭২ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধুর সংবাদ সম্মেলনে সাংবাদিক হিসাবে এসেছিলেন নিখিল।
“সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু তাকে ‘চিনবেন কি চিনবেন না’ বা ‘পরিচয় দেবেন কি দেবেন না’ এমন ইতস্তত ভাব নিয়ে পেছনে বসেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু তাকে ঠিকই চিনেছিলেন এবং বলেছিলেন, ‘এই তুই নিখিল না?’”
তৎকালীন রমনা এলাকার গণভবনে আরেকটি ঘটনা প্রত্যক্ষ করার কথা জানান বদরুল আহসান: “একটা যুবক আসল, তার একটা চাকরি দরকার। আমরা সবাই বঙ্গবন্ধুকে ঘিরে দাঁড়িয়ে আছি। বঙ্গবন্ধু বললেন, তোর বাড়ি কোথায়? ও খুলনার একটা এলাকার নাম বলল। তখন তার বাবার নাম জিজ্ঞেস করলেন এবং বললেন, ‘তোর মায়ের নাম এটা? তোর মা কি আগের মতো এখনো পিঠা তৈরি করে?
“এটা শুনে ওই ছেলে আবেদন-আর্জি করবে কি, সে কেঁদে ফেলেছে। একটা বড় মাপের মানুষ, একটা ছেলেকে এই প্রশ্ন করছেন!”
সেখানে একবার এক বৃদ্ধ লোক বঙ্গবন্ধুর কাছে ভাতিজার বিরুদ্ধে তার ছাগল চুরির অভিযোগের বিচার চাইতে আসার ঘটনাও প্রত্যক্ষ করার কথা জানান বদরুল আহসান।
বঙ্গবন্ধুর ‘সেন্স অব হিউমার’
বদরুল আহসান বলেন, বঙ্গবন্ধুর ‘সেন্স অব হিউমার’ ছিল অসাধারণ।
“সাংবাদিক এবিএম মূসা, কেজি মোস্তফা ও আবদুল গাফ্ফার চৌধুরী যখন একসাথে আসতেন তখন তিনি বলতেন, ওই যে আইতাছে- আপদ, বিপদ, মুসিবত। একবার মূসা ভাইকে বললেন, ‘মুসিবত, আপদ-বিপদ কোথায়?’ মূসা বললেন, ‘ওই যে আইতাছে।’ এমন ছিলেন বঙ্গবন্ধু।”
সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে শেখ জায়েদ বিন আল সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাতের একটি ঘটনার বর্ণনাও এক্ষেত্রে দেন বদরুল আহসান।
“আরব আমিরাতের রাষ্ট্রপতি বললেন, ‘আই এম এ শেখ, ইউ আর অলসো এ শেখ’। বঙ্গবন্ধু হাসতে হাসতে বললেন, ‘দেয়ার হ্যাজ এ ডিফ্রেন্স- আই এম এ ভেরি পুওর শেখ’।”
মন্ত্রীদের পদ বণ্টনের সময় ক্ষীণ স্বাস্থ্যের একজনকে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়’ এবং তার দুই স্ত্রী ও ১৪ সন্তানের কারণে একইসঙ্গে ‘পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের’ দায়িত্ব দিয়ে হাস্যরসের সৃষ্টি করার ঘটনাও শোনান বক্তা।
