জন্মদিনে বঙ্গবন্ধুর গল্পে মগ্ন শিশুরা
কেমন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কী করে হয়েছেন টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে জাতির পিতা; বাল্যকাল থেকে তার মমত্ববোধ কেমন ছিল- এমন বহু গল্প শিশু-কিশোরদের শোনালেন তাদের প্রিয় ব্যক্তিরা।
শুক্রবার সকালে বাংলা একাডেমির বটতলায় জড়ো হয়ে মগ্ন হয়ে বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনা শুনলো শিশুরা; মাঝে মাঝেই হাততালি দিয়ে ও প্রশ্ন করে জানান দিল নিজেদের সরব উপস্থিতির।
জাতির জনক বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ‘বঙ্গবন্ধুর গল্প শোনো’ শিরোনামে বাংলা একাডেমির ওই আয়োজনে রাজধানীর পাঁচটি স্কুলের প্রায় পাঁচশ শিক্ষার্থী অংশ নেয়।
এই শিশুদের দলে আগতদের একজন নীলক্ষেত হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মোহাম্মদ ইউসুফ বললো, শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ‘ভালোবাসা’ তাকে উজ্জীবিত করে।
বঙ্গবন্ধু কেমন মানুষ ছিলেন? ইউসুফের জবাব: “তিনি জাতির পিতা। স্বাধীন দেশ দিয়েছেন আমাদের। শিশুদের ভালবাসতেন, গরিবদের সাহায্য করতেন। গরিবের কষ্ট সহ্য করতে পারতেন না।”
গল্প শুনতে আসা আজিমপুরেরর হাজি আবদুল কাদের সর্দার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার ফেরদৌসের চোখেও বঙ্গবন্ধুর ‘গরিবের বন্ধু’ প্রতিমূর্তি ভেসে উঠে।
“বঙ্গবন্ধু শিশুদের ভালবাসতেন এবং গরিব-দুঃখীদের খেতে দিতেন। স্বাধীন দেশও তার জন্য পেয়েছি আমরা। এসব গল্প আমরা এখানে শুনেছি।”
কবি শামীম আজাদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় শিশুদের গল্প শোনানোর ওই আসর। খেলাচ্ছলে শিশুদের শৈশব-কৈশোরের নানা প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
শিশুদের সঙ্গে গল্প করতে এসে শহীদকন্যা ডা. নুজহাত চৌধুরী যখন তাদের কাছে জানতে চান, ‘বঙ্গবন্ধু আর শহীদ বুদ্ধিজীবীদের বিষয় জানো কি-না’, তখন শিশুরা হাত তুলে হ্যাঁ সূচক জবাব দেয়।
এরপর নিজেকে শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে পরিচয় দিয়ে বাবার যুদ্ধে যাওয়ার গল্প দিয়ে বক্তব্য শুরু করেন।
অহঙ্কারে পাশের মানুষ থেকে দূরে সরে না যেতে উপদেশ দিয়ে নুজহাত চৌধুরী বলেন, “তোমাদের মধ্য থেকে একজন বঙ্গবন্ধু বেরিয়ে আসবে। যখন কেউ আমাদের সন্তানদের উপর আঘাত করতে আসবে তখন তোমরা দাঁড়াবে।”
বাল্যকালে সমবয়সীদের প্রতি বঙ্গবন্ধুর মমত্ববোধের উদাহরণ দিতে গিয়ে নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম বলেন, “একদিন দেখা গেলো নিজের নতুন চাদর দিয়ে আসছেন কোনো গরীব এক ছেলেকে। মা যখন বললো, খোকা চাদর কোথায়? খোকা বলতো, ও গরীব, ওর কোনো চাদর নাই, তাকে দিয়ে এসেছি।
“ছেলেদের উদারতা দেখে বঙ্গবন্ধুর মায়েরও মুগ্ধতার সীমা ছিল না, নিজের নতুন চাদর এভাবে অন্যকে দিতে পারে!”
টুঙ্গিপাড়া সফররত অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক এবং মুসলিম লীগের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে স্কুল ভবন সংস্কারের জন্য অষ্টম শ্রেণির ছাত্র মুজিবের দাবি আদায়ের প্রসঙ্গ দিয়ে গল্প বলা শুরু করেন নাট্যজন অধ্যাপক মমতাজউদদীন আহমদ।
তিনি বলেন, “তারা যখন চলে যাবেন তখন অষ্টম শ্রেণির একজন ছাত্র বঙ্গবন্ধু বলেছিলেন, “আপনারা যাবেন না, স্কুলের ছাদ বেয়ে পানি পড়ে, সেটা ঠিক করে তারপর যাবেন। তার প্রতিবাদী অবস্থান সোহরাওয়ার্দীর মনে ধরেছিল। সোহরাওয়ার্দী বলেছিলেন, কে এই ছেলে? তাকে বলা হলো, এই হচ্ছে লুৎফর রহমানের ছেলে শেখ মুজিবুর রহমান।”
এরপর সোহরাওয়ার্দী ১২৫০ টাকা বরাদ্দ দিয়ে স্কুলভবন ঠিক করে দিয়েছিলেন বলে শিশুদের জানান অধ্যাপক মমতাজউদদীন।
এক পর্যায়ে তিনি বঙ্গবন্ধুর কোথায় ভাষণ দিয়েছিলেন- তা শিশুদের কাছে জানতে চান তিনি। শিশুদের একটি অংশ হাত ইশারা করে বাংলা একাডেমির উল্টোদিকে সোহরাওয়ার্দী উদ্যান দেখিয়ে দেয়।
শেখ মুজিবের আজীবন দৃঢ়চেতা মনোভারের কথা উল্লেখ করে তিনি বলেন, “বন্ধু আমার। পিঠে হাত চাপড়ে বলেছিল, আমি ধাপে ধাপে লড়েছি। আমি চোঙ্গা ফোকা নেতা, আজ এই পর্যায়ে এসেছি।”
বৃষ্টির দিনে বঙ্গবন্ধুর নিজের ছাতা এক অভাবী বন্ধুকে দেওয়ার গল্প শোনান কবি আসাদ চৌধুরী।
তিনি বলেন, “কেমন একজন মানুষ তিনি। আরেকজন অভাবী, তাই নিজের ছাতাটা দিয়ে চলে এলেন। গরিবের জন্য তার এমন মমতা আজীবন ছিল।”
শিশুদের উদ্দেশ্য করে আসাদ চৌধুরী বলেন, “তোমাদের এই গল্প বলার উদ্দেশ্য হলো, তোমরাও তার মতো হবে। এমনভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং গড়ে তুলবে, যেন একজন মানুষও না খেয়ে মরে।”
নিজ প্রজন্ম বঙ্গবন্ধুর কথা শুনে বেড়ে উঠেছে উল্লেখ করে কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, “তোমরাও তার মতো দেশকে ভালবাসো। এমনভাবে গড়ে ওঠো যেন নিজেরাই একেকজন শেখ মুজিব।”
অনুষ্ঠানের শেষাংশে বঙ্গবন্ধুর সাতই মার্চের উপরে কবি নির্মলেন্দু গুণের লেখা ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ শিশুদের নিয়ে পাঠ করেন উপস্থাপক সুভাষ সিংহ রায়। ক্লাসে পড়ার মতো করে শিশুরা কবিতার পঙক্তিতে পঙক্তিতে তার সঙ্গে কণ্ঠ মেলায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাট্যজন খায়রুল আলম সবুজও শিশুদের বঙ্গবন্ধুর গল্প শোনান।
