২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের বঙ্গবন্ধুর গল্প বললেন শেখ রেহানা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা শিশুদের কাছে বাবাকে নিয়ে তার শৈশবের স্মৃতিচারণ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2017, 09:16 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মারক জাদুঘরে এই অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। এই দিনকে জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয়।

সিআরআই বলেছে, শেখ রেহানা তার বাবার রাজনৈতিক জীবনসহ নিজের শৈশবের স্মৃতিগুলো শিশুদের সামনে তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর মতো বড় মানুষদের জীবন থেকে বেশি করে শিখতে বলেন।

“… কীভাবে মানুষকে সহায়তা করা যায়, কীভাবে মানুষের ত্যাগ করতে হয় এবং কীভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায়।”

শিশুদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে ও তাদের স্বাস্থ্যের যত্ন নিতেও বলেন তিনি।

স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, তখন আমার বাবা বেশিরভাগ সময়ই কারাগারে থাকতেন, লড়াই করতেন দেশের জন্য।”

বাবার হাত ধরে স্কুলে যেতে না পারার আক্ষেপ প্রকাশ করে শেখ রেহানা শিশুদের উদ্দেশ্যে বলেন, “আমি তোমাদের মতো ভাগ্যবান নই।”

“বেশিরভাগ সময়ই আমি একাই স্কুলে যেতাম। কখনো মা আমার সঙ্গে যেতেন। কারাগারের বাইরে থাকার সময় বাবা যখন বাড়িতে আসার সময় পেতেন তখন আমি তার সঙ্গে স্কুলে যাওয়ার বায়না ধরতাম।”

তিনি বলেন, “কাজ থেকে ফেরার সময় বাবা যখন আমাকে স্কুলে আনতে যেতেন, তখন আামার কাছে ঈদ মনে হত।”

রেহানা স্মরণ করেন, তারা যখন ধানমণ্ডির ৩২ নম্বর রোডের ওই বাড়িতে উঠেন তখন তার বয়স তিন কিংবা চার।

বাবা জেল থেকে ছাড়া পেলে তারা বাড়িতে বাস্কেট বল বা ব্যাডমিন্টন খেলতেন।

“তিনি এতো কম সময় কারাগারের বাইরে থাকতেন যে শিশুরা তাকে পেলেই ঘিরে ধরত, তিনি বন্দীজীবনের গল্প শোনাতেন। শিশুরা তার হাতে খেতে পছন্দ করত এবং তিনি তাদের সঙ্গে খেলাধুলাও করতেন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সম্পর্কে শিশুদের কাছে জানতে চান শেখ রেহানা।

তিনি তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেন, “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

তিনি বঙ্গবন্ধুর জন্ম ও তার বাবা-মার সম্পর্কে জানতে চাইলে শিশুরা নির্ভুল উত্তর দেন।

এক শিশু শেখ রেহানার কাছে জানতে চান, তার বাবা তাকে পিটুনি দিত কি না। তিনি বলেন, কখনও গালমন্দ করেননি তিনি।

তিনি তার সন্তানদের খুব ভালোবাসতেন। মা বরং তারা ভুল করলে গালমন্দ করতেন বলে জানান শেখ রেহানা।

তবে বঙ্গবন্ধু তার সন্তানদের পড়াশোনার বিষয়ে কড়া নজর রাখতেন।

“যখনই তিনি সুযোগ পেতেন, আমাদের ইংরেজি ও বাংলা লেখার দক্ষতা ও গণিতের দক্ষতা পরীক্ষা করতেন। আমরা তখন নার্ভাস হয়ে পড়তাম।”

শেখ রেহানা বলেন, “ঈদের মতো ছুটির দিনগুলোতে যখন অন্য বাচ্চারা তাদের বাবার সঙ্গে কোন দোকানে কী কিনছে- এসব গল্প করতো তখন আমার খুবই খারাপ লাগত।

“একবার এরকম ছুটিতে তিনি বাড়ি এলে তাকে জোর করে নিউ মার্কেটে নিয়ে গিয়েছিলাম।”

বঙ্গবন্ধু তখন রেহানাকে আইসক্রিম ও নতুন পোশাক কিনে দেন। ওই সন্ধ্যার কথা স্মরণ করে তিনি বলেন, “ওই সময় আমার মনে হয়েছিল যেন খুশিতে আমি উড়ছি।”