ক্ষুদে আঁকিয়ের তুলিতে ‘বঙ্গবন্ধুকে নিয়ে দাদুবাড়ি যাত্রা’
জাতীয় শিশু দিবসের আয়োজনে শিশুদের তুলিতে যেন তাদের বন্ধু হয়ে উঠলেন বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অগ্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শুক্রবার বঙ্গবন্ধুর জন্মদিনে ‘বাঙালি সাংস্কৃতিক জোট’ আয়োজিত ‘বঙ্গবন্ধু উৎসবে’র চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় শিশুদের তুলিতে ভিন্ন ব্যঞ্জনায় উঠে আসেন বঙ্গবন্ধু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত ওই চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় এসে প্রথম শ্রেণি পড়ুয়া শিশু শিহাব মাহমুদ সিজাদ এক ফ্রেমে বঙ্গবন্ধুর সঙ্গে এঁকেছে নিজেকেও।
ছোট্ট জীবনের অভিজ্ঞতার মিশেল দিতে বাস্তবে অদেখা বঙ্গবন্ধুর সঙ্গে ছবিতে সে চড়েছে একটি লঞ্চে; যেটি তাদেরকে নিয়ে যাবে দাদুবাড়ি বরিশালের পূর্ব প্রান্তের নদী বেষ্টিত থানা মেহেন্দিগঞ্জে, যেখানে যেতে এখনও একমাত্র ভরসা নদীপথ, নিয়মিত গণপরিবহণ লঞ্চ।
আজিমপুরের লিটন অ্যান্ড জেন্টস স্কুলের শিক্ষার্থী শিহাবের কল্পনার এ ছবিতে লঞ্চের সামনের দিকে হাত প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছেন বঙ্গবন্ধু। এক হাতে রয়েছে পতাকা।
কী এঁকেছো জানতে চাইতেই তার চটপটে উত্তর, ‘বঙ্গবন্ধুকে’। সঙ্গে কে, জানতে চাইতেই লজ্জায় নুইয়ে পড়ে তার মাথা; লুকোয় মায়ের আঁচলে।
কয়েকবার জানতে চাওয়ার পর তাগাদা দেন মা সামিন আরা সালমাও। এরপর শিহাবের মুখ ফুটে বের হয়, ‘আমি’।
শিহাবের বোন সাঈদা সানজিদা ছোঁয়া এঁকেছে একদল শিশুর মাঝে বসে থাকা বঙ্গবন্ধুকে, যেন ওই শিশুর মাঝে সেও নিজেকে খুঁজে ফিরছে।
তাদের ভাই দ্বিতীয় শ্রেণি পড়ুয়া সাঈদ ইসলাম সাজিদ তার ছবিতে পতাকা হাতে বঙ্গবন্ধুকে নিয়ে উঠেছে নৌকায়। সেখানেও রয়েছে নিজেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “এমন শিশুরা বঙ্গবন্ধুকে আঁকছে, যারা বঙ্গবন্ধুকে দেখেনি। কালিতে-তুলিতে ফুটিয়ে তুলছে জাতির জনককে। কবিতায়-গানে-নৃত্যে তারা মেতেছে উৎসব।”
তিনি বলেন, “বঙ্গবন্ধু আত্মশুদ্ধি ও আত্মসংযমের কথা বলতেন। আজকে জাতির জনককে ভালোবাসলে আমাদেরকে সেই আত্মশুদ্ধি ও আত্মসংযমের মধ্য দিয়ে যেতে হবে। আজকে যে অবস্থায় রয়েছি, কাল তার থেকেও বিশুদ্ধতার দিকে যেতে হবে। আত্মশুদ্ধির জন্য দরকার আত্ম-সমালোচনা।
“এমনভাবে আত্মসংযম করতে হবে, যেন লোভ লালসা না আসতে পারে। বঙ্গবন্ধু সেটা করেই জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন দেশ করতে পেরেছিলেন।”
এই আয়োজনের বিচারক শিল্পী হাশেম খান অনুষ্ঠানে এই শিশুদেরকে যথাযথভাবে গড়ে তোলার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান।
তিনি জানান, “এদেরকে গড়তে পারলেই সবচেয়ে কার্যকরভাবে মোকাবেলা করা যাবে জঙ্গিবাদ ও মৌলবাদকে।”
“আজও তারা বাড়ছে। এই মৌলবাদ ও জঙ্গিবাদকে মোকাবেলা করতে হলে নতুন প্রজন্মকে সে জন্য তৈরি করতে হবে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে তৈরি করতে পারলে এদেরকে মোকাবেলা করা যাবে।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “বঙ্গবন্ধু এমন একটা জীবন গঠন করেছেন, যার কথা ভাবলে নত মস্তকে শ্রদ্ধা জানাতে হয়। তিনি এক জীবনে আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে গেছেন।
দেশ থেকে দারিদ্র্য দূর করার অঙ্গীকার করে তিনি বলেন, “বঞ্চনা ও অবহেলার কোনো স্থান রাখব না। এমন একটি বাংলাদেশ গড়ব, যেখানে জঙ্গিবাদের কোনো স্থান থাকবে না। আমরা জঙ্গিবাদকে নির্মূল করব। সেটা আমরা আমাদের প্রজন্মেই করব, যাতে তারা এখানকার হাসি আনন্দে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে।”
দিনব্যাপী এই আয়োজন শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর চারুকলার বারান্দায় শুরু হয় চিত্রাঙ্কণ প্রতিযোগিতা।
কলকাতার শিল্পী অংশমান রায়ের সুর করা ‘শোনো একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবরের ধ্বনি প্রতিধ্বনি’ গানটি গেয়ে শোনান তার ছেলে ভাস্কর রায়।
স্বাধীন বাংলা বেতারের শিল্পী রথীন্দ্রনাথ রায় গেয়ে শোনান ‘রাজা তুমি ঘুমিয়ে আছো, টুঙ্গিপাড়ায় গিয়া’।
