জমি কেনায় অনিয়ম: রাবি ভিসিসহ ৪ জনের বিরুদ্ধে হাই কোর্টের রুল
জমি কেনাসহ আর্থিক অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, নিবন্ধক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে কেন তদন্তের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এই রুল জারি করে।
স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিনুদ্দিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জমি কেনা নিয়ে আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর সংযুক্ত করে রোববার হাই কোর্টে এই রিট আবেদন করেন আছাদুজ্জামান নামে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী।
