গৃহকর্মী নিখোঁজ: রাজউক প্রকৌশলীকে হাই কোর্টে তলব
এক কিশোরী গৃহকর্মীর কয়েক মাস ধরে নিখোঁজ থাকার খবরে গৃহকর্তা রাজউক প্রকৌশলী আসাদুজ্জামানকে তলব করেছে হাই কোর্ট।
আসাদুজ্জামানকে আগামী ৪ এপ্রিল হাই কোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচাপরতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
ওই কিশোরীর বাবার করা সাধারণ ডায়রির (জিডি) আলোকে গাজীপুরের জয়দেবপুর থানাকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা বেগম এ বিষয়ে গত ৫ মার্চ দৈনিক ডেসটিনিতে প্রকাশিত একটি প্রতিবেদন সোমবার হাই কোর্টের নজরে আনেন।
‘রাজউক প্রকৌশলী আসাদুজ্জামানের কারিশমা! কিশোরী গৃহকর্মীকে ৩ মাস গুম করে রাখার অভিযোগ’ শিরনামে ওই প্রতিবেদনে বলা হয়, ওই কিশোরী রাজউক প্রকৌশলী আসাদুজ্জামানের পান্থপথের বাসায় কাজ করে আসছিলেন। কিন্তু গত তিন মাস ধরে পরিবার তার কোনো খোঁজ পাচ্ছে না।
“গৃহকর্তা বহুল আলোচিত রাজউক প্রকৌশলী আসাদুজ্জামান তার বাসার কাজের মেয়ের সন্ধান চাইলে নানা রকম টালবাহানা শুরু করেছেন বলে অভিযোগে প্রকাশ। এমনকি ওই গৃহকর্তা থানা পুলিশে এসব বিষয়ে অভিযোগ ‘না’ দিতেও কড়া ভাষায় নিষেধ করেছেন নিখোঁজ কিশোরীর পরিবারকে।”
দীর্ঘদিনেও মেয়ের সন্ধান না পেয়ে মেয়েটির বাবা আব্দুল আজিজ খান গতবছর নভেম্বরে গাজীপুরের জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানানো হয় ওই প্রতিবেদনে।
আইনজীবী শাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গুমের অভিযোগে’ প্রকৌশলী আসাদুজ্জামানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ডেসটিনির প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, বিভিন্ন অভিযোগ থাকায় প্রকৌশলী আসাদুজ্জামানকে রাজউক ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করেছে।
