এবার ঢাকায় জাহাঙ্গীরনগরের দুটি বাস ভাংচুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুরের পর আশঙ্কা থেকে নিজেদের বাসগুলো দূরে সরিয়ে রেখেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বঙ্গবাজারে না রেখে রোববার বাসগুলো রাখা হয়েছিল অনেক দূরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে।
কিন্তু সেই স্থানেও বিকালে দুটি বাস ভাংচুর হয়েছে। কারও নাম না করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শরীফ হোসেন বলেছেন, দুর্বৃত্তরা একাজ করেছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ভাংচুর হলে এই গোলমালের সূত্রপাত।
এর প্রতিক্রিয়ায় রোববার সকালে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর হয়।
শনিবারের ঘটনার পর সাভার রুটের বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতিক্রমের সময় সতর্কতা অবলম্বন করা হয়েছিল বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিবহন ব্যবস্থাপক জহিরুল হক।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সতর্কতায় যেমন কাজ হয়নি, তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সতর্কতাও ফল দেয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শরীফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝামেলা চলায় নিরাপত্তার কারণে বাসগুলো বঙ্গবাজারে না রেখে মানিক মিয়ায় রাখা হয়েছিল। কিন্তু বিকাল ৫টার দিকে কে বা কারা হঠাৎ এসে গাড়িগুলোর সামনের ও পেছনের কাচগুলো ভেঙে দিয়ে যায় বলে আমাদের ড্রাইভার ও হেলপাররা জানিয়েছেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানিক মিয়া এভিনিউতে বাস ভাংচুরের বিষয়ে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বিষয়টি দেখবেন বলেছেন।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই বাসগুলো বিআরটিসি থেকে ভাড়া করা। তাদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রক্টর বলেন, “তারা (বিআরটিসি) ক্ষতিগ্রস্ত বাসগুলো রিপ্লেস করে দেবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা গেইটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেমন্ত বাসটি ভাংচুর হয়। সেটিও বিআরটিসি থেকে ভাড়া করা।
আগের দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অধিভুক্ত হওয়া রাজধানীর সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার ও খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারবে- এমন উড়ো খবরে প্রতিবাদ জানানোর সময় টিএসসি মোড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসটি ভাংচুর হয়েছিল।
বাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্ব অতীতেও ঘটেছে।
শনিবার ভাংচুরের পর বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন সাহা।
তিনি বলেন, “টিএসসি দিয়ে নিরাপদে জাহাঙ্গীরনগরের বাস চলাচলের বিষয়টি তিনি (ঢাবি প্রক্টর) নিশ্চিত করবেন।আর জাহাঙ্গীরনগরের সামনে দিয়ে নিরাপদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের বিষয়টি আমরা নিশ্চিত করব।”
তার মধ্যেই ঢাকায় জাহাঙ্গীরনগরের বাস ভাংচুরের ঘটনা ঘটল।
