২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি-জাবি পাল্টাপাল্টি বাস ভাংচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের একটি বাস ভাংচুরের পাল্টায় একই কাজ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 06:52 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

রোববার সকালে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বিআরটিসি থেকে ভাড়া নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আগের দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অধিভুক্ত হওয়া রাজধানীর সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার ও খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারবে- এ খবরে প্রতিবাদ জানানোর সময় টিএসসি মোড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসটি ভাংচুর হয়েছিল।

আগের দিন ভাংচুরের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতিক্রমের সময় সাভারগামী হেমন্ত বাসটির চালককে সতর্ক থাকতে বলা হয়েছিল বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিবহন ব্যবস্থাপক জহিরুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিন্তু এই বাসটি ভুলক্রমে ঢুকে যাওয়ায় ওই বিশ্ববিদ্যালয়ের (জাহাঙ্গীরনগর) শিক্ষার্থীরা ভাংচুর করেছে। বাসটির সামনে গ্লাস এবং সাইড গ্লাসগুলো ভাংচুর হয়েছে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জয় বাংলা গেইটে ১০-১২ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটির সামনের কাঁচ ভেঙে দেয়। তবে এতে কেউ আহত হয়নি।

“ঘটনা ঘটার পরপরই আমরা সেখানে যাই। কিন্তু আমরা যাওয়ার আগেই ভাংচুরকারীরা সেখান থেকে চলে যায়।”

Image
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাংচুরকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

অ্ন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, টিএসসিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুরের সঙ্গে জড়িতদের পরিচয় বের করার চেষ্টা চলছে।

বাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্ব এর আগেও ঘটেছে।

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন সাহা।

তিনি বলেন, “টিএসসি দিয়ে নিরাপদে জাহাঙ্গীরনগরের বাস চলাচলের বিষয়টি তিনি (ঢাবি প্রক্টর) নিশ্চিত করবেন।আর জাহাঙ্গীরনগরের সামনে দিয়ে নিরাপদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের বিষয়টি আমরা নিশ্চিত করব।”