২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রনজিতের তুলিতে ‘যাপিত জীবনের গল্প’

মানুষের জীবনে কত অনুভূতি, কত ভাব; কতভাবেই না আবার সেগুলো প্রকাশ করা যায়- শিল্পী রনজিৎ দাস তার তুলির আঁচড়ে তুলে এনেছেন মানুষের জীবনের বিচিত্র সেইসব প্রকাশভঙ্গি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 12:35 AM

Updated : 11 Oct 2022, 01:36 PM

শনিবার রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় ‘জার্নি অ্যান্ড ইমেজেস’ শিরোনামে এই প্রদর্শনী শুরু হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভারতের ডেপুটি হাই কমিশনার আদর্শ সোয়াইকা ঘণ্টা বাজিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় শিল্পী রনজিৎ দাস বলেন, “আমি ছবি আঁকি, ছবি এঁকে কথা বলি। এবারের এই সব ছবির বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন।

“এই ছবিগুলোর প্রায় সবগুলোই জীবনের হাসি-কান্না-দুঃখ-বেদনা-ভালোবাসা-প্রেম ইত্যাদি বিষয়ে। ছবিগুলো আপনাদের ভাল লাগলে আমি আনন্দিত হব।”

প্রদর্শনী ঘুরে দেখা যায়, শিল্পী কোনো ছবিতে তুলে এনেছেন মনস্তাত্ত্বিক লড়াই, কোনোটিতে আবার ফুটিয়ে তুলেছেন গভীর দৃষ্টি। কোনোটিতে রয়েছে ‘বিমোহিত জীবনের চিত্র’, কখনো আবার নতুন জীবনের আশাবাদ, বিমুগ্ধ মুখাবয়ব।

উথালপাথাল সময়ের চিত্রায়ণ করতে গিয়ে ছবিতেই শিল্পী জুড়ে দিয়েছেন একটি মন্তব্য। যেখানে বলা হয়েছে, ‘কখনো কখনো ইচ্ছে হয়, মধ্যরাতে রূপালি আড্ডায় গিয়ে বসি নক্ষত্র নারীর সঙ্গে’।

‘আঘাতের মনস্তাত্ত্বিক বর্ণনা’, রাজনৈতিক দাঙ্গা, এক নারীর নিজের গল্প, জীবনের কঠিন বাস্তবতা, সামাজিক দ্বন্দ্ব, মানবতাবাদের জটিলতার সমাধান, আত্ম-দ্বন্দ্ব, নিজের একান্ত পৃথিবীতে যুক্ত হওয়া-ইত্যাদি নানা বিষয় ফুটে উঠেছে তার ছবিতে।

মোট ৪২টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী আগামী ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এই সময়ে কেউ চাইলে প্রদর্শনীর ছবি কিনতেও পারবেন; তবে নিতে হবে প্রদর্শনীর শেষে।

বাংলাদেশের সাংবাদিকতার প্রবীণ শিক্ষক সাখাওয়াত আলী খান এসেছেন প্রদর্শনী দেখতে।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রনজিতের জন্য এসেছি। এই ধরনের শিল্পে অ্যাবস্ট্রাক্ট বিষয় থাকবেই। তারপরও তার কাজগুলো বাস্তবতা থেকে খুব বেশি দূরে নয়। তিনি তার চিত্রকর্মে এই দুইটার বেশ ভাল সমন্বয় করেছেন।”

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা নবীন শিল্পী রাজকুমার পাল প্রদর্শনী দেখার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রনজিৎ স্যার সব সময় ভাল কাজ করেন। তার কাজে ভিন্ন ধারা আছে। সেটা দেখতেই এসেছি।”

শিল্পী রনজিৎ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যাত্রাটা আমরা জানি। এই যাত্রায় অভিজ্ঞতা হচ্ছে, এর প্রত্যেক ধাপে ধাপে একটা মনস্তাত্ত্বিক ইফেক্ট রয়েছে। সেই সাইকিক বিষয়টাই আমার এখানে এসেছে।

“মানুষের মনে নানা ভাব আসে। ভাবটা কিসের থেকে আসে? এই ভাব আনন্দ থেকে আসতে পারে, বিচিত্র অভিজ্ঞতা থেকে আসতে পারে, জীবন থেকে আসতে পারে, সমাজ থেকে আসতে পারে।”

একটি ছবি দেখিয়ে তিনি বলেন, “একটা মেয়ে মাথা নিচু করে আছে। তার একটা অভিব্যক্তি আমরা দেখতে পারছি। এটা কি বিষণ্নতা, নাকি কারো জন্য অপেক্ষা করছে- সে জিনিসটা আমি আমার মত করে দেখি। আপনি আপনার মত করে দেখেন। আমি একভাবে ছবিটা দেখব, আরেকজন কিন্তু সেভাবে দেখবে না।”

রনজিত বলে যান, “দৈনন্দিন জীবনের সব কিছু গ্রাম থেকে শহরে আসে। এক দেশ থেকে আরেক দেশে যাই, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যাই। আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাই। এই প্রক্রিয়ায় আমরা নিজেদেরকে পরিশীলিত করছি।

“এই অভিজ্ঞতা কিন্তু ছোট বেলা থেকেই শুরু হয়। পরে সব সময় এটা জমা হতে থাকে। আপনি যদি ঘরে বসে থাকেন, তাতেও কিন্তু আপনি ভ্রমণে আছেন। জীবন-ভ্রমণে।”

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রনজিৎ দাসকে নিজের ‘খুব প্রিয় মানুষ’ অভিহিত করে তার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “তিনি মানুষকে নিয়ে কাজ করেন, তারপাশের জীবনকে নিয়ে কাজ করেন।

“তার এমন কিছু ক্লাসিক কিছু ছবি আমার কাছে আছে, যেগুলো দেখলে মনে হবে, ইউরোপীয় কোনো শিল্পীর আঁকা। ‘স্টিল লাইফ’ নিয়ে কাজ করেছেন। এই ছবি দেখলে মনে হয়, জীবন এক জায়গায় থমকে দাঁড়িয়েছে।

নূর বলেন, “শিল্পী যেমন চিন্তা করে ছবি আঁকেন, তেমনি এই ছবির সামনে দাঁড়ালে একজন মানুষকেও চিন্তা করতে হয়। তার এই সব ছবি আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে বলে আমি বিশ্বাস করি।”

গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী বলেন, “রনজিৎ দাস একজন নিরলস পরিশ্রমী শিল্পী। তার দীর্ঘদিনের শিল্প চর্চার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের সমকালীন শিল্পকলাকে সমৃদ্ধ করেছেন।”

শিল্পী রনজিৎ তার ছবির গঠন, রেখার ধরন, রং ও টেক্সচারের ব্যবহার এবং সমতল বিভাজনে নিজস্ব শৈলী নির্মাণে স্বার্থক মন্তব্য করে তিনি বলেন, “এই প্রদর্শনীতে চিরায়ত রনজিৎ নতুন ও অনেক বর্ণময় হয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন।

“এই বর্ণময়তায় কখনও প্রকাশিত হয়েছে স্মৃতিময়তায়, কখনও স্বপ্ন। কিন্তু তা এক ধরনের সিনেমাটিক মন্তাজের মত উপস্থাপিত হয়েছে। তা আমাদের তৃতীয় কোনো বোধের সংকেত দেয়।”

এই প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে এডিএন গ্রুপ। আর গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।