২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী ক্রিকেটে তৃতীয় ‘প্রতিভা অন্বেষণ’ শুরু

শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে নিতে তৃতীয় জাতীয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 08:55 PM

Updated : 11 Oct 2022, 01:35 PM

বুধবার সাভারের জিরানিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রতিবন্ধীদের এই ‘প্রতিভা অন্বেষণ’ কর্মসূচির প্রথম দিনে সেরা ২০ জনকে বাছাই করা হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে বিসিবি ও বিকেএসপির কোচ এবং স্পোর্টস ফিজিশিয়ানরা দুইশরও বেশি অংশগ্রহণকারীর ক্রিকেট সক্ষমতা যাচাই এবং মেডিকেল পরীক্ষার মাধ্য মে প্রাথমিক বাছাইয়ের কাজটি করেন।

নির্বাচিত এই ক্রিকেটাররা ৯ থেকে ১১ মার্চ বিকেএসপিতে পরবর্তী প্রশিক্ষণ ক্যা ম্পে অংশ নেবেন। সেখান থেকে বাছাই করা ১০ জনকে রাখা হবে প্রতিবন্ধী ক্রিকেটারদের ক্যাম্পে।

ছয় থেকে আট সপ্তাহের ওই ক্যাম্পে আগের দুই দফায় বাছাই করা ২৯ প্রতিবন্ধী ক্রিকেটারও অংশ নেবেন। ক্যাম্প থেকে চূড়ান্ত করা হবে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

সারা দেশ থেকে ক্রিকেট খেলায় পারদর্শী ও দৃশ্যমান শারীরিক প্রতিবন্ধকতার শিকার তরুণেরা প্রথম ক্যা ম্পে অংশ নেয়। তবে শারীরিক ঝুঁকি এড়াতে বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী, মাইনর অ্যামপুটেশন, হাড় ভাঙ্গা ও হুইলচেয়ার ব্যবহারকারীদের এ কর্মসূচিতে অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছিল।

রেড ক্রসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে অংশ নিতে আসা আগ্রহীদের ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা আবারও প্রমাণ করেছে যে এ ধরনের উদ্যোগ কতখানি জরুরি।”

এ ধরনের কর্মসূচির ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং তাদের দক্ষতা-সক্ষমতা আরও গুরুত্ব পাবে বলে আশা করছে আন্তর্জাতিক রেডক্রস। 

বাংলাদেশে প্রতিবন্ধী ক্রিকেটের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। ওই বছর রেডক্রস পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন নিয়ে কাজ করা সিআরপিকে (সেন্টার ফর দ্য রিহ্যাবিলেটেশন অফ দ্য প্যারালাইজড) একটি ক্রিকেটদল গড়তে সহায়তা দেয়।

একই বছর প্রতিবন্ধীদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে রেডক্রস। এছাড়া সিআরপির প্রতিবন্ধী ক্রিকেট দল ওই বছরের ১৭ থেকে ২০ মার্চ ভারতের ডিজ্যাবলড স্পোর্টিং সোসাইটি (ডিএসএস) দলের বিরুদ্ধে তিন দিনের একটি টুর্নামেন্টে অংশ নেয়।

২০১৪ সালে সিআরপির পাশাপাশি, বাংলাদেশ ফিজিকালি চ্যালেঞ্জড ডিজ্যাবলড অ্যাসোসিয়েশন ও ফিজিকালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) প্রতিবন্ধীদের মধ্যে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করে। পরে এর সঙ্গে সম্পৃক্ত হয় বিকেএসপি, প্যারা অলিম্পিকস, স্পেশাল অলিম্পিকস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ব্রিটিশ হাই কমিশন ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

পরের বছর মার্চে রেডক্রসের সহযোগিতায় প্রথমবারের মত ‘ট্যালেন্ট হান্ট ক্যাম্প’ হয়। ২০১৫ সালে ঢাকায় বসে প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর, যাতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান অংশ নেয়।

২০১৬ সালে দুবাইয়ে আরেকটি টুর্নামেন্টের আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানেও বাংলাদেশ দলকে সহযোগিতা দেয় আইসিআরসি। ওই টুর্নামেন্টের আগে দ্বিতীয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি হয়।