রায় ফাঁসের মামলায় সাকাপুত্র হুম্মামের জামিন
একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে রায় ফাঁসের মামলায় জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বুধবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হুম্মাম।
পরে মহানগর হাকিম মাহমুদুল হাসান শুনানি করে তাকে জামিন দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হুমামের আইনজীবী মো. পারভেজ জানান।
এ মামলায় হুম্মামের মা ফারহাত কাদের চৌধুরী আগেই জামিন নিয়েছিলেন। গত বছরের ৪ অগাস্ট থেকে নিখোঁজ থাকার সাত মাস পর গত ৩ মার্চ বাড়ি ফিরে এবার জামিন নিলেন হুম্মামও।
এর আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় ফাঁসের মামলায় হুমাম ও তার মাকে খালাস দিয়ে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের দেওয়া রায় গত বছরের ২২ নভেম্বর বাতিল করে তাদেরকে আত্মসমপর্ণ করতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরের স্ত্রী ও ছেলেকে রায় ফাঁসের ঘটনায় কেন তাদের যথাযথ সাজা দেওয়া হবে না তা জানতে চেয়ে স্বতপ্রণোদিত রুলও জারি করে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাই কোর্ট বেঞ্চ।
গত বছরের ১৫ সেপ্টেম্বর রায় ফাঁসের মামলাটিতে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরের স্ত্রী ও ছেলেকে খালাস দিয়ে তার আইনজীবীসহ পাঁচজনকে কারাদণ্ডের ওই রায় দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক।
ওই সময় জামিনে থাকা ফারহাত কাদের আদালতে উপস্থিত থাকলেও তার ছেলে হুম্মামকে পলাতক দেখিয়ে রায় ঘোষণা করা হয়।
তবে গত ৪ অগাস্ট পুরান ঢাকার আদালত পাড়া থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে কোনো হদিস মেলেনি বলে ওই সময় দাবি করে হুমামের পরিবার।
তবে হুম্মাম তাদের হেফাজতে নেই বলে পুলিশের পক্ষ থেকে জানানোর সাত মাস পর গত ৩ মার্চ বাড়ি ফেরেন তিনি।
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় ২০১৫ সালের নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকর করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় হয়েছিল ২০১৩ সালের ১ অক্টোবর।
ওই রায়ের দিন সকালেই তার স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের ‘খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখিয়ে আদালতের রায় নিয়ে কটাক্ষও করেন।
পরে রায় ফাঁসের অভিযোগে ট্রাইব্যুনালের নিবন্ধকের পক্ষ থেকে তথ্য ও যোগাযাগ প্রযুক্তি আইনে ওই মামলা হয়, যাতে ২০১৪ সালের ২৮ অগাস্ট ডিবির পরিদর্শক মো. শাহজাহান অভিযোগপত্র দাখিলের পর সাকার স্ত্রী, ছেলে হুম্মাম, তার আইনজীবী ফখরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে বিচার শুরু করে আদালত।
