‘অসাবধানে’ শটগানের গুলি বেরিয়ে পুলিশ কনস্টেবল আহত
দায়িত্বপালন শেষে অস্ত্র জমা দেওয়ার সময় নিজের শটগানের গুলির স্প্লিন্টারের আঘাতে এক পু্লিশ কনস্টেবল আহত হয়েছেন।
আহত কনস্টেবল মাহাবুব আলমকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো.বাচ্চু মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাজধানীর মিরপুরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগের কনস্টেবল মাহাবুব আলম।
সোমবার সকাল থেকে গুলশানে ডিউটি শেষে মিরপুরের অস্ত্রাগারে অস্ত্র জমা দেওয়ার সময় অসাবধানতাবশত তার শটগান থেকে একটি গুলি বের হয়ে দেয়ালে লাগে। গুলির স্প্লিন্টার তার পায়ের গোড়ালির উপর লাগে।
বিকাল ৪টার দিকে সহকর্মীরা তাকে মিরপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন জানিয়ে এসআই বাচ্চু বলেন, আহত কনস্টেবলের শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
