রাজিব হত্যার আসামি জঙ্গি রানা ফের রিমান্ডে
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের হেফাজতে পেয়েছে আদালত।
মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ সোমবার পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে তাকে তিনদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের এ আদেশ দেন।
এর আগে প্রথম দফায় পাঁচদিনের রিমান্ড শেষে বিকালে আদালতে হাজির করে ফের জিজ্ঞাসাবাদের জন্য রানাকে সাতদিনের হেফাজতে চায় পুলিশ।
তবে আদালতে হাজিরার সময় আসামির পক্ষ থেকে জামিন চাওয়া না হলেও রিমান্ড বাতিলের আবেদন করার হয়েছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রানার আইনজীবী হাফেজ আহমেদ জানান।
আসামির এই আইনজীবী বলছেন, রানার বিরুদ্ধে রিমান্ড আবেদনে পুলিশ সুনির্দিষ্টভাবে কিছু বলেনি, যা বলেছে তা গড় ভাষ্য এবং ভাসা ভাসা। সব আসামিদের ক্ষেত্রেই তদন্ত কর্মকর্তারা তা বলে থাকে। একারণে তাকে আর রিমান্ডে না নিতে আদালতে অনুরোধ জানানো হয়।
জঙ্গি দল আনসারউল্লাহ বাংলা টিমের নেতা রানাকে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার উত্তরা থেকে আশরাফ নামে এক সহযোগীসহ গ্রেপ্তারের পরদিন আদালতে মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই পাঁচদিন করে রিমান্ডে পায় পুলিশ।
রিমান্ডে শেষে সোমবার রানাকে আদালতে হাজির করে ফের রিমান্ডে নেওয়া হলেও এদিন আশরাফকে এই মামলায় আদালতে হাজির করা হয়নি বলে জানান আইনজীবী হাফেজ আহমেদ।
গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে ব্লগার রাজীবকে তার বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনসারউল্লাহ বাংলা টিমের এই সংগঠক রানার পরিকল্পনায় ওই হত্যােকাণ্ড হয় বলে পরে পুলিশের তদন্তে উঠে আসে।
ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ওই মামলার রায়ে রানা এবং ফয়সাল বিন নাঈম দীপের ফাঁসির আদেশ দেয়। এছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং জসীমউদ্দিন রাহমানীসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ হয়।
নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে সাত আসামির আপিলের রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। পলাতক থাকায় রানা হাই কোর্টে আপিল করার সুযোগ পাননি।
পুলিশ বলছে, রাজীব হত্যানর পর ২০১৩ সালের শেষদিকে ভুয়া ঠিকানায় পাসপোর্ট বানিয়ে মালয়েশিয়ায় পালিয়ে যান রানা। সেখানেও তিনি গত প্রায় তিন বছর ধরে জঙ্গি তৎপরতা চালাচ্ছিলেন।
সম্প্রতি মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ রানাকে বাংলাদেশে ফেরত পাঠায়।
