রাজীব হত্যার আসামি জঙ্গি রানা রিমান্ডে
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানা ও তার সহযোগী আশরাফকে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম মঙ্গলবার এই আদেশ দেন।
রানা ও আশরাফকে গ্রেপ্তারের পরদিন তাদের আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ মুনিরুল ইসলাম।
রিমান্ড আবেদনে বলা হয়, উত্তরা পশ্চিম থানা এলাকায় রানা সভা করছিল। তার সঙ্গে আরও তিন-চার জন ছিল, যারা পালিয়ে গেছে। তাদের কাছ থেকে উগ্র মতবাদের বিভিন্ন বই উদ্ধার করা হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা দরকর।
আহমেদ রাজীব হায়দার (ফাইল ছবি)
দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক জামিন নাকচ করে দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে ব্লগার রাজীবকে তার বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনসারউল্লাহ বাংলা টিমের এই সংগঠক রানার পরিকল্পনায় ওই হত্যাকাণ্ড হয় বলে পরে পুলিশের তদন্তে উঠে আসে।
ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ওই মামলার রায়ে রানা এবং ফয়সাল বিন নাঈম দীপের ফাঁসির আদেশ দেয়। এছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং জসীমউদ্দিন রাহমানীসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ হয়।
নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে সাত আসামির আপিলের রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। পলাতক থাকায় রানা হাই কোর্টে আপিল করার সুযোগ পাননি।
পুলিশ বলছে, রাজীব হত্যার পর ২০১৩ সালের শেষদিকে ভুয়া ঠিকানায় পাসপোর্ট বানিয়ে মালয়েশিয়ায় পালিয়ে যান রানা। সেখানেও তিনি গত প্রায় তিন বছর ধরে জঙ্গি তৎপরতা চালাচ্ছিলেন
সম্প্রতি মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ রানাকে বাংলাদেশে ফেরত পাঠায়। সোমবার দুপুরে ঢাকার উত্তরা থেকে রানা ও আশরাফকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সোমবারই জানিয়েছিলেন, রানা ও তার সহযোগীর বিরুদ্ধে নতুন মামলা করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
