স্ত্রীকে এসিড নিক্ষেপকারীর যাবজ্জীবন
স্ত্রীকে এসিড নিক্ষেপের অপরাধে যাবজ্জীবন সাজা খাটতে হবে ঢাকার মিরপুরের এক ব্যক্তিকে।
সুরুজ আলম (৫৫) নামে এই ব্যক্তির সঙ্গে তার অপরাধে সহায়তাকারী আরও দুজনকেও একই সাজা দিয়েছে ঢাকার একটি আদালত।
দণ্ডিত অন্য দুজন হলেন শফিউল ইসলাম রিপন (৩৫) ও ছালিম হাওলাদার (৩২)।
ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এসিড অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক হিসাবে রোববার মামলাটির রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সুরুজকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
কারাবন্দি তিন আসামিই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
মিরপুরের রূপনগরের বাসিন্দা সুরুজ সন্দেহবশত তার তৃতীয় স্ত্রী মাহফুজা আক্তার সুবর্ণাকে এসিডে ঝলসে দিয়েছিলেন বলে রায়ে উঠে এসেছে।
২০১৬ সালের ৭ এপ্রিল দুই সহযোগীকে নিয়ে এই কাণ্ড ঘটান সুরুজ।
রায়ে বলা হয়, দুই স্ত্রী থাকা অবস্থায় পোশাক শ্রমিক সুবর্ণাকে বিয়ে করেন সুরুজ। তাদের একটি মেয়েও হয়। কর্মস্থলে সুবর্ণার সঙ্গে কারও সম্পর্ক আছে বলে সন্দেহ থেকে তার সঙ্গে সুরুজের কলহ শুরু হয়।
ওই দ্বন্দ্বের জেরে সুরুজ সহযোগীদের দিয়ে এই এসিড সন্ত্রাস ঘটান বলে রায়ে প্রমাণিত হয়।
ঘটনার দিনই মামলার পর সুরুজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
২০১৬ সালের ৫ জুন সুরুজসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর হয় অভিযোগ গঠন। তার ৫ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ করার পর রায় হল।
