পিলখানা হত্যা: আপিল শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি
বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন ও আসামিদের আপিলের ওপর শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে হাই কোর্ট।
রাষ্ট্রপক্ষ শুনানির জন্য এক মাস সময়ের আবেদন করলে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য ২০১৫ সালে এই বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে বলেছিলেন। আসামিপক্ষের যুক্তিতর্কও প্রায় শেষ। ল পয়েন্টে যুক্তিতর্ক কিছু বাকি আছে, সেগুলো শেষ হলে রাষ্ট্রপক্ষে ল পয়েন্টে পাল্টা যুক্তি উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
“কিন্তু আগামী মাসে স্যারকে আরও দুটি গুরুত্বপূর্ণ মামলার প্রস্তুতি নিতে হবে। তাছাড়া ল পয়েন্টে যুক্তি উপস্থাপনে প্রস্তুতির জন্যও সময় প্রয়োজন। এ দুটি বিষয় উল্লেখ করে আদালতে আবেদন করলে ২ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে।”
যুক্তিতর্ক শেষ হলে আদালত মামলার রায়ের তারিখ ধার্য করে দিতে পারে বলেও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ৩৫৬ কার্যদিবস ধরে এ মামলার কার্যক্রম চলছে। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল নিয়ে ৩৫ হাজার পৃষ্ঠার পেপারবুক পাঠ করা হয়েছে ১২৪ কার্যদিবস। বাকি ২৩২ কার্যদিবস রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করেছে।
বৃহস্পতিবার ৩৫৯তম দিনে এসে চূড়ান্ত শুনানির তারিখ পেছানো হলো দেশের ইতিহাসে আসামির সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় এ মামলার।
