সাংসদের ছেলে রনির বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য
রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে ঘটনার প্রত্যক্ষদর্শী দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন সাক্ষ্য দিয়েছেন।
বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসা. শামসুন্নাহার তার সাক্ষ্য নিয়ে পরবর্তী সাক্ষ্যের জন্য ২৮ মার্চ তারিখ ঠিক করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের পেশকার শামীম আহমেদ।
সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিক আবদুল্লাহ আল আমিনকে জেরা করেন আসামির আইনজীবী কাজী নজীব উল্লাহ হিরু।
এ নিয়ে জোড়া খুনের মামলায় নয়জনের সাক্ষ্য গ্রহণ করা হলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পেশকার শামীম।
সাক্ষ্য গ্রহণকালে রনিকে কারাগার থেকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়।
গত বছরের ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত অভিযোগ গঠন করে।
মামলাটিতে রনির বিরুদ্ধে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
ওই ঘটনায় নিহত আবদুল হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে গত বছর ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
