সাংসদ পিনুর ছেলে রনির জামিন নামঞ্জুর
দুজনকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার সরকার দলীয় সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জামিন আবেদন নাকচ করেছে ঢাকার আদালত।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, মঙ্গলবার শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আমিনুল হক।
আটকের পর চার দিনের রিমান্ড শেষে শনিবার রনিকে কারাগারে পাঠান মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
ওই দিন তার পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানির জন্য ১৬ জুন দিন ঠিক করে দেন বিচারক।
১৩ এপ্রিল রাত ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে গুলিতে অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনার দুদিন পর রমনা থানায় নিহত আব্দুল হাকিমের মা মনোয়ারা বেগমের করা মামলায় বলা হয়, একটি সাদা মাইক্রোবাস থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে ওই দুজনের মৃত্যু হয়।
পরে তদন্তে পুলিশ জানতে পারে, সেটি ছিল কালো রঙের একটি প্রাডো গাড়ি, যাতে পিনু খানের ছেলে রনিসহ কয়েকজন ছিলেন।
তদন্তে রনির সম্পৃক্ততা পাওয়ার পর গত ৩১ মে তাকে এবং তার গাড়িচালক ইমরান ফকিরকে পুলিশ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি গুলিবর্ষণের কথা স্বীকার করেন বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।
ঘটনার দিন রনি কালো রঙের প্রাডো গাড়ি থেকে গুলিবর্ষণ করেন বলে তার গাড়িচালক ইমরান আদালতে জবানবন্দিতে বলেছেন।
এর মধ্যে রোববার সাংসদ পিনু খানের ন্যাম ভবনের বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করেছে পুলিশ।
