বিদেশের কারাগারে বন্দি সাড়ে ৯ হাজার বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী
অপরাধের সঙ্গে জড়িত হয়ে বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে নয় হাজার ৬৪০ জন বাংলাদেশি আটক রয়েছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুল হক টুকুর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল পৌনে ৫টায় শুরু হওয়া অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, সব থেকে বেশি বাংলাদেশি আটক রয়েছে মালয়েশিয়ার কারাগারে। দেশটির কারাগারে বর্তমানে দুই হাজার ৪৬৯ জন আটক আছে।
এছাড়া ভারতে দুই হাজার ৩৩৭ জন, সংযুক্ত আরব আমিরাতে এক হাজার ৯৮ জন, ওমানে এক হাজার ৪৮ জন, সৌদি আরবে ৭০৩ জন, বাহারাইন ৩৭০ জন, কুয়েত ২৬১ জন, যুক্তরাজ্যে ২১৮ জন, জাপানে ১২৩ জন, ইরাকে ১২১ জন, কাতারে ১১২ জন, মিয়ানমারে ৯৮ জন, মেক্সিকো ৯৭ জন, সিঙ্গাপুরে ৮৭ জন, তুরস্ক ৬৮ জন, জাপানে ৬৫ জন, ইতালিতে ৫১ জন, ফ্রান্সে ৪৬ জন, অস্ট্রেলিয়ায় ৩৯ জন, জর্ডানে ৩৭ জন, যুক্তরাষ্ট্র ২৬ জন, জর্জিয়ায় ২৬ জন, হংকংয়ে ২৪ জন, থাইল্যান্ডে ২৩ জন, পাকিস্তানে ১৯ জন, দক্ষিণ কোরিয়ায় ১৬ জন, নেপালে ১২ জন, দক্ষিণ আফ্রিকায় ১১ জন, মরিশাসে ছয় জন, আজারবাইজানে ছয় জন, মিশর, চীন ও ব্রুনাই পাঁচ জন করে, লেবানন ও মরক্কোতে দুই জন, কিরগিজিস্তান, মঙ্গোলিয়া ও ব্রাজিলে এক জন করে বাংলাদেশি আটক রয়েছেন।
সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদকে বৈশ্বিক চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রাদায়ের যেকোনো শুভ উদ্যোগের সাথে সম্পৃক্ত থেকে নিবিঢ়ভাবে কাজ করে যাওয়ার ক্ষেত্রে আমাদের সরকার সচেষ্ট থাকবে।”
সেলিনা বেগমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, “দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড সন্তোষজনকভাবে হ্রাস পেয়েছে।”
এসএম আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকার ফলে দেশে জঙ্গি এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
মনোয়ারা বেগমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের মঞ্জুরিকৃত পদের সংখ্যা এক লাখ ৯৩ হাজার ৭১৩টি।
