তেজগাঁও রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ড
ঢাকার তেজগাঁও এলাকায় রেলওয়ের জমিতে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে পঞ্চাশটি ঘর পুড়ে গেছে; দগ্ধ হয়েছেন একজন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিনির্বাপক বাহিনীর সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে।
মিজানুর বলেন, আগুনে অর্ধশত ঘর পুড়ে গেছে। তবে আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মেডিকেল ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, আগুনে মানিক নামে একজন দগ্ধ হয়েছেন। তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
