২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইসির শপথ ১৫ ফেব্রুয়ারি

পরবর্তী জাতীয় নির্বাচন যাদের নেতৃত্বে পরিচালিত হবে, সেই নির্বাচনের কমিশনের সদস‌্যরা শপথ নেবেন আগামী ১৫ ফেব্রুয়ারি।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 07:04 PM

Updated : 11 Oct 2022, 01:26 PM

পুরনো খবর:

নতুন সিইসি নূরুল হুদা
নতুন ইসির সামনে ‘বন্ধুর পথ’     
পরিচিতি সভায় বসছেন নতুন ইসির সদস‌্যরা

প্রধান বিচারপতি এস কে সিনহা ওই দিন বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পড়াবেন।

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার প্রধান বিচারপতির সম্মতি নিয়ে শপথের সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে।”

সাবেক সচিব কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন এই কমিশনে সদস‌্য হিসেবে আছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

সার্চ কমিটির ১০টি নামের সুপারিশ থেকে সোমবার এই পাঁচজনকেই নতুন ইসির জন‌্য নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ রাতেই প্রজ্ঞাপন জারি করে।

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে চিঠি দিয়ে ৯ ফেব্রুয়ারির পর যে কোনো দিন নতুন কমিশনের সদস্যদের শপথ অনুষ্ঠান করার অনুরোধ জানিয়েছিলেন তারা।

এর ভিত্তিতে প্রধান বিচারপতি ১৫ ফেব্রুয়ারি নতুন ইসির শপথ পড়াতে সম্মতি দেন বলে ইসি সচিবালয়ের আইন শাখার যুগ্মসচিব মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

সোমবার নিয়োগ পাওয়া কে এম নূরুল হুদা হবেন বাংলাদেশের দ্বাদশ সিইসি। আর নতুন চার নির্বাচন কমিশনারকে নিয়ে কমিশনার হবেন মোট ২৭ জন।

Image
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চার কমিশনারকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চার কমিশনারকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার

এক সপ্তাহ এক সদস্যের ইসি

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছিল ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন এ কমিশনের পরিচালনায় হয়েছে। 

সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ এবং তিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলীর পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে বুধবার। আর নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ১৪ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ করবেন।

অর্থাৎ, নূরুল হুদার কমিশন অফিস শুরুর আগে এক সপ্তাহের জন‌্য দেশে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকবেন কেবল একজন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই এক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয় সামনে এলে তিনি একাই সিদ্ধান্ত নেবেন। সিইসির অনুপস্থিতিতে এই নির্বাচন কমিশনারই ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করবেন।”

এতে নির্বাচন কমিশনের ধারাবাহিকতা বজায় থাকার পাশাপাশি নতুন কমিশন একসঙ্গে যোগ দেওয়ার সুযোগ পাবে বলে মন্তব‌্য করেন তিনি।