২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচিতি সভায় বসছেন নতুন ইসির সদস‌্যরা

নিয়োগ পাওয়ার পর নতুন নির্বাচন কমিশনের সদস্যরা নিজেদের মধ্যে পরিচয়পর্ব সারতে অনানুষ্ঠানিক বৈঠকে বসছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 04:09 PM

Updated : 11 Oct 2022, 01:26 PM

পুরনো খবর:

নতুন ইসির সামনে ‘বন্ধুর পথ’     

তবে সাক্ষাতের স্থান এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন নতুন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

সাবেক এই সচিব মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরস্পরের সঙ্গে পরিচিত হতেই আমরা কোনো একটা জায়গায় বসব। নতুন মনোনীত সিইসি যেখানে বলবেন, সেখানেই আমরা সাক্ষাত করতে পারি। আজ অথবা কাল এই সাক্ষাত হতে পারে।”

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম অবশ‌্য জানিয়েছেন, মঙ্গলবার বিকালেই নতুন ইসির সদস‌্যদের এই সাক্ষাত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উনারা উনারা একটু বসবেন। উনাদের তো বসার জায়গা ঠিক হয়নি... শপথ হলে নির্বাচন কমিশনে বসবেন। এর আগে নিজেরা নিজেরা পরিচিত হওয়ার জন্য বসবেন।”

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতির নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা তাকে ‘প্রস্তুত থাকতে’ বলেছেন।

সাবেক সচিব নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে সোমবার পাঁচ সদস‌্যের নতুন ইসি নিয়ো দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার রাতেই নিয়োগের আদেশ জারি করে।

সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার ও অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানমও এই কমিশনে সদস‌্য হিসেবে রয়েছেন।  

ইসির আইনশাখার উপ সচিব মহসীনুল হক জানান, আগামী বৃহস্পতিবারের পরে যে কোন দিন নতুন কমিশনের সদস‌্যদের শপথ হতে পারে। প্রধান বিচারপতির সম্মতি সাপেক্ষে শপথের সময় চূড়ান্ত হবে।