২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ বন্ধ করে বিক্ষোভ

রোগীর স্বজনদের হাতে এক সহকর্মী ‘আহত হওয়ার’ পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটক বন্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষানবীশ চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 10:06 PM

Updated : 10 Jan 2024, 12:07 PM

এতে শনিবার রাতে প্রায় এক ঘণ্টা মেডিকেলের জরুরি বিভাগে ঢুকতে পারেননি রোগীরা।

ইন্টার্ন চিকিৎসকরা রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

সে সময় হাসপাতালের উপ-পরিচালক খাজা আবদুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।

পরে বাংলাদেশ মেডিকেল অ‌্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগের ফটক থেকে সরে যান বিক্ষুব্ধরা।   

ইন্টার্ন চিকিৎসকদের কয়েকজন জানান, শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি এক রোগীর কয়েকজন স্বজন রাত ৮টার দিকে বাক-বিতণ্ডার এক পর্যায়ে তাদের এক নারী সহকর্মীকে আঘাত করে। এতে তার হাত কেটে গেছে।

হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি করেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদ‌্যনালীতে সমস‌্যা নিয়ে শিশুটি শুক্রবার হাসপাতালে আসে। পরে তার অস্ত্রোপচার হয়। শিশু ওয়ার্ডে রোগীর সঙ্গে সাধারণত নারীরা থাকেন। সেখানে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের বেশিরভাগই নারী।

“ওই শিশুটির চার-পাঁচজন পুরুষ স্বজন সেখানে অবস্থান করছিলেন। নারী চিকিৎসকরা তাদের চলে যেতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। এক সময় তারা ওই নারী চিকিৎসকের হাতে কাচের গ্লাস দিয়ে আঘাত করে সেখান থেকে চলে যায়।”   

ওই শিশু এবং তার মা এখনও হাসপাতালে আছেন বলে জানান তিনি।

শিশুটির মায়ের কাছ থেকে হামলাকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে জানিয়ে শাহবাগ থানার ওসি এবি সিদ্দিক বলেন, “তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।”

ঢাকা মেডিকেল ইন্টার্ন ডক্টর অ‌্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইফাত সামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার আশ্বাসে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেছেন তারা।

“তাদের গ্রেপ্তার করা না হলে নতুন কর্মসূচি নেওয়া হবে।”