২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনের ভোজে মাহমুদ আব্বাসের জন্য ইলিশ আর কাচ্চি

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জন‌্য বঙ্গভবনের নৈশভোজে ফরাসি কায়দায় রান্না করা লবস্টার যেমন ছিল, তেমনি ছিল ঢাকাই কাচ্চি বিরিয়ানি, ইলিশ, রেশমি কাবাব ও আলু বোখারার চাটনি। ডেজার্টে ছিল পাটিসাপটা পিঠা।

সাজিদুল হক

বঙ্গভবন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 08:18 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

পুরনো খবর:

স্বাধীন ফিলিস্তিনের পথে সব বাধা কাটুক দ্রুত: রাষ্ট্রপতি
সমর্থন অটুট: মাহমুদ আব্বাসকে শেখ হাসিনা
জাতীয় স্মৃতিসৌধে মাহমুদ আব্বাসের শ্রদ্ধা

মাহমুদ আব্বাসের সম্মানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া এই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন।

রাষ্ট্রীয় সফরে প্রথম বাংলাদেশে আসা মাহমুদ আব্বাস বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘর হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর বঙ্গভবনে যান।

সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে পৌঁছালে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান আবদুল হামিদ।

বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে সৌজন্য সাক্ষাতের পর দরবার হলে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর অতিথিরা অংশ নেন ভোজে।

Image
বঙ্গভবনে ফুলেল শুভেচ্ছায় মাহমুদ আব্বাস

বঙ্গভবনে ফুলেল শুভেচ্ছায় মাহমুদ আব্বাস

Image
বঙ্গভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন মাহমুদ আব্বাস

বঙ্গভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন মাহমুদ আব্বাস

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোটেল সোনারগাঁওয়ের রান্না করা খাবার দিয়ে আপ্যায়ন করা হয় ফিলিস্তিনি প্রেসিডেন্টকে। ওই হোটেলের কর্মীরাই খাবার পরিবেশন করেন।

দরবার হলের ওই নৈশভোজে ছিল আট ধরনের খাবার, যার মধ্যে ছিল স্মোকড ইলিশ।

পাঁচ কোর্সের এই ভোজ শুরু হয় ‘স্মোকড হিলসা অন টোস্ট দিয়ে। এরপরে টেবিলে আসে ক্রিম অব মাশরুম স্যুপ। সঙ্গে ছিল ব্রেড অ্যান্ড বাটার।

মেইন কোর্সে প্রথমে টেবিলে আসে ফরাসি ডিশ ‘লবস্টার থারমিডরি’; যা পরিবেশন করা হয় মিক্সসড ভেজিটেবল ও বয়েলড পটেটোসহ।

এর পর আসে মাটন কাচ্চি বিরিয়ানি ও রেশমি কাবাব; যা আলু বোখারার চাটনি ও মিক্সড সালাদসহ পরিবেশন করা হয়।

ডেজার্টে ছিল বেকড চিজ কেক, পাটিসাপটা পিঠা আর ফ্রুট ককটেল, চা, কফি।

Image
বঙ্গভবনে মাহমুদ আব্বাস

বঙ্গভবনে মাহমুদ আব্বাস

Image
মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকে মাহমুদ আব্বাস

মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকে মাহমুদ আব্বাস

অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ‌্যমন্ত্রী তোফায়েল আহমেদ,

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও এইচ টি ইমামও নৈশ ভোজে অংশ নেন।

ঢাকায় কূটনৈতিক কোরের ডিন ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস দ্য নব্রেগার, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও বঙ্গভবনে এই অনুষ্ঠানে ছিলেন।