জাতীয় স্মৃতিসৌধে মাহমুদ আব্বাসের শ্রদ্ধা
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও প্রতি শ্রদ্ধা জানান তিনি।
সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঢাকা থেকে সড়ক পথে বেলা ১টা ৫২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান।
মাহমুদ আব্বাস ফুল দিয়ে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিন বাহিনীর একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার দেয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে সই করেন এবং একটি বকুল গাছের চারা রোপন করেন।
সাভার থেকে বেলা ২টা ৫০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছান ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
তিন দিনের সফরে বুধবার ঢাকা আসেন মাহমুদ আব্বাস। এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া ভোজসভায় যোগ দেবেন।
