স্বাধীন ফিলিস্তিনের পথে সব বাধা কাটুক দ্রুত: রাষ্ট্রপতি
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা দূর করতে সব সমস্যার দ্রুত সমাধান বাংলাদেশ চায় বলে মাহমুদ আব্বাসকে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ফিলিস্তিন ও আরব ভূমিতে ইসরায়েলি অবৈধ দখল ও ইহুদি বসতি স্থাপনের নিন্দাও জানিয়েছেন।
তিন দিনের সফরে বাংলাদেশে আসা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার বঙ্গভবনে আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা দূর করতে সকল সমস্যার দ্রুত সমাধান চায়। এছাড়া বাংলাদেশ ফিলিস্তিন ও আরব ভূমিতে ইসরায়েলি অবৈধ দখল ও ইহুদি বসতির নিন্দা জানায়।”
রাষ্ট্রপতি ফিলিস্তিনি প্রেসিডেন্টকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে তার দেশের সংগ্রামী জনগণ ও সরকারকে অভিনন্দন জানান।
দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কথা বলতে গিয়ে আবদুল হামিদ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফিলিস্তিনিদের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন।
“বঙ্গবন্ধু সবসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ন্যায্য অধিকারের প্রতি জোর সমর্থন দিয়েছিলেন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথমদিকার দেশ হিসেবে বাংলাদেশ গর্বিত।”
রাষ্ট্রপতি ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ে প্রয়াত ইয়াসির আরাফাতের আমৃত্যু সংগ্রামের কথা স্মরণ করেন।
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ আরবি ভাষায় প্রকাশ করায় ফিলিস্তিন সরকারকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনের সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণ বাংলাদেশ অব্যাহত রাখবে।
ফিলিস্তিন ও বাংলাদেশের বিদ্যমান দ্বি-পক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি আশা করেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকে মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি প্রেসিডেন্টের বরাত দিয়ে জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতে মাহমুদ আব্বাস বিভিন্ন ইস্যুতে তার দেশকে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণ এবং সরকারকে ধন্যবাদ জানান।
“ফিলিস্তিনে নতুনভাবে ইহুদি বসতি স্থাপনে বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে দেশটির প্রেসিডেন্ট এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।”
মাহমুদ আব্বাস তার দেশের শিক্ষার্থীদের বাংলাদেশে বৃত্তির জন্য কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা বাড়বে।
সন্ধ্যায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিআবদুল হামিদ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে এই সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ এন এ মালিকি, প্রধান বিচারপতি মাহমুদ এস এ আলহাব্বাস।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের সম্মানে একটি নৈশভোজও দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
