সাংবাদিককে মারধরের তদন্ত প্রতিবেদন পর্যালোচনায়: ডিএমপি কমিশনার
হরতালের খবর সংগ্রহের সময় পুলিশের দুই সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এ ঘটনায় তাদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “আমরা তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছি। প্রতিবেদনটি আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যালোচনা করছি। পর্যালোচনা শেষে দোষীদের দোষের মাত্রা বিবেচনা করে উপযুক্ত শাস্তির বিধান করা হবে।”
পুলিশে অপকর্ম ক্ষমা করা হয় না দাবি করে তিনি বলেন, “কোনোভাবেই কোনো অপকর্ম বা অপেশাদার আচরণ করে পার পাবার সুযোগ নাই।”
অতীতের যে কোনো সময়ের তুলনায় ২০১৬ সালে পুলিশের উচ্ছৃঙ্খল আচরণের ঘটনা কম দাবি করে তিনি বলেন, এ বছর ৪০০ পুলিশ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে পদোন্নতি বন্ধ, পদাবনতি, বেতন কাটা, অব্যাহতি ও চাকুরিচ্যুতি রয়েছে।
এ বিষয়ে ঢাকার পুলিশ প্রধান বলেন, “একটা অপরাধকে ঢাকা দিয়ে, চাপা দিয়ে সমাধান হবে না। আমরা একইসাথে অনেক ভালো কাজ করছি, দুই-একটি যে সমস্যা হচ্ছে এটিকে ওভারকাম করার জন্য আমাদের কাউন্সিলিং করতে হবে, মনোভাব বদলাতে হবে এবং সর্বোপরি বলব সব মহলের দায়িত্বশীল আচরণ করতে হবে।”
বৃহস্পতিবার পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বুধবার ঢাকার বিভিন্ন জায়গায় ডিএমপি কমিশনারের বক্তব্য সম্বলিত একটি পত্র ও চকলেট ভর্তি খাম বিতরণ করা হয়।
পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, “আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে। কেন আমরা খারাপ আচরণ করছি, সেই কারণগুলো কিন্তু আমাদের অনুসন্ধান করতে হবে।”
পুলিশের সমস্যাগুলোও বিবেচনায় নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “একটা লোকের আট ঘণ্টা ডিউটি করার কথা, রোদের মধ্যে যখন ওই লোকটা ১৬ ঘণ্টা ডিউটি করে তখন তার স্বাভাবিক ব্যবহারটা নষ্ট হয়ে যায়। এ বিষয়ে রাষ্ট্রকে ভাবতে হবে, সমাজকে ভাবতে হবে, আমাদের ভাবতে হবে।”
তিনি বলেন, “অনেক সীমাবদ্ধতা থাকার পরও নগরবাসীকে নিরাপদে রাখার জন্য ৩৪ হাজার পুলিশ সদস্য রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জনগণ আইন মানার প্রতি যত বেশি উৎসাহী হবে পুলিশের কাজ তত সহজ হবে।”
এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শাহাব উদ্দিন কোরেশি, মিজানুর রহমান, দিদার আহমেদ, মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম, কৃষ্ণপদ রায়, রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হাসান সরদার এবং গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
